ক্যাচ নিতে গিয়ে মাথায় চোট, মুমিনুলের বদলি ব্যাটিংয়ে জাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক। ইতোমধ্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও মাঠে নেমেছেন তিনি।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলে। মেহেদী হাসান মিরাজের করা বলে জশুয়া বিশপ ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে ফিল্ডিংয়ে থাকা মুমিনুলের দিকে।

ক্যাচটি নিতে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন মুমিনুল। এক হাতে বলটি তালুবন্দী করতে পারলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এরপর হেলমেটসহ মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি। আঘাত পাওয়ার পর ব্যথায় কাতরাতে দেখা যায় এই বাঁহাতি ব্যাটারকে।

তাৎক্ষণিকভাবে মাঠে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও। মুমিনুলের কনকাশন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে প্রথমে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন জাকের আলী।

পরবর্তী সময়ে মুমিনুলের কনকাশন বদলি হিসেবে জাকেরকে অনুমোদন দেওয়া হয়। ফলে শুধু ফিল্ডিং নয়, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করারও সুযোগ পেয়েছেন তিনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বদলি হিসেবে অনুমোদন পাওয়া খেলোয়াড় মূল ক্রিকেটারের পরিবর্তে ম্যাচের বাকি অংশে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারেন।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে পাঁচবার কনকাশন বদলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। তাদের পরিবর্তে খেলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এরপর ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে খেলেন তাসকিন আহমেদ। একই বছর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইয়াসির আলীর পরিবর্তে দলে সুযোগ পান নুরুল হাসান সোহান। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম ওয়ানডেতে সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে খেলেন তানজিদ হাসান।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে মুমিনুল হকের পরিবর্তে জাকের আলীর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠবারের মতো কনকাশন বদলির ঘটনা ঘটল।

spot_imgspot_img
spot_img

Related Articles