নারী ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হতে যাওয়া ১০ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবারের আসরে পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।
তাদের অন্য প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে দলটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। ২০, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই পর্বের ম্যাচগুলো। সুপার সিক্সের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ২৫ নভেম্বর কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এবারের আসরে অংশ নিচ্ছে আইসিসির পাঁচ পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে রয়েছে সহযোগী সদস্য দেশ বা অঞ্চলের পাঁচ দল নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
২০২৫ সালে অনুষ্ঠিত প্রথম আসরে খেলেছিল আটটি দল। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক থাইল্যান্ড। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা।


