রাওয়ালপিন্ডির পর লাহোরেও রানবন্যার ম্যাচ। তবে এবার শেষ হাসি ইংল্যান্ডের। বেন ডাকেটের ক্যারিয়ারসেরা ১৬৭ রান এবং লিয়াম ডসনের চার উইকেটের সুবাদে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এটি ইংলিশদের দ্বিতীয় জয়।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৮৬ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৫.৫ ওভারে ৩৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে পাভান রাথনায়েকে ৭৭ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ে জয় পাওয়া হয়নি তাদের।
ছক্কা ছাড়াই সর্বোচ্চ ইনিংস ডাকেটের
ইংল্যান্ডের ইনিংসের মূল কারিগর ডাকেট। ১৩২ বলের ইনিংসে ২৪টি চার মেরে ১৬৭ রান করেন তিনি। কোনো ছক্কা ছাড়াই ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ইনিংসটি সাজান বাঁহাতি এই ব্যাটার। ওপেনিংয়ে টম ব্যান্টনের সঙ্গে তাঁর ১৬৩ রানের জুটি ইংল্যান্ডকে শক্ত ভিত এনে দেয়। ব্যান্টন করেন ৭৪ রান। পরে হ্যারি ব্রুকের সঙ্গে ৭৫ বলে ১০৭ রানের জুটি গড়েন ডাকেট। ব্রুকের ব্যাট থেকে আসে ৪৪ রান।

শেষ দিকে পথহারা শ্রীলঙ্কা
জবাবে কুশল মেন্ডিসের ৮৯ ও রাথনায়েকের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ দিকে মাত্র ১৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ৭২ বলে ৪৮ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার, হাতে তখনো যথেষ্ট উইকেট। অভিষিক্ত হেনরি ক্রোকম্বের আঘাতের পর রানআউটে ধুনিথ ওয়েলালাগে বিদায় নিলে চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত রাথনায়েকেও ফেরান ডসন।
ইংল্যান্ডের হয়ে ৪৯ রানে ৪ উইকেট নেন ডসন। দুটি উইকেট পান সনি বেকার। এই জয়েও ফাইনালে ওঠা হয়নি ইংল্যান্ডের। চার ম্যাচে তিন জয়ে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শ্রীলঙ্কার জয় দুটি, ইংল্যান্ডের একটি। ফলে দূর্দান্ত এক জয় সত্ত্বেও আগেভাগে বিদায় নিতে হলো ইংল্যান্ডকে।


