দিনের শুরুতে বল হাতে আলো ছড়িয়েছিলেন নাঈম হাসান। তার ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দিন শেষে সেই নাঈমকেই নিতে হলো ব্যাট হাতে দলের হাল ধরার দায়িত্ব। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় তৃতীয় দিন শেষে উল্টো চাপে পড়েছে স্বাগতিকরা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। প্রথম ইনিংসের লিডসহ সব মিলিয়ে এগিয়ে ১০৬ রানে। হাতে রয়েছে মাত্র চার উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দ্রুতই সাজঘরে ফেরেন। ভুল শটে ক্যাচ দিয়ে আউট হন তাওহিদ হৃদয়। ভুল লাইনে খেলে বোল্ড হন সাদমান, এলবিডব্লিউ শান্ত।
মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে নামা জাকের আলি এক প্রান্ত আগলে রাখলেও লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের বিদায়ে ৫৩ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন নাঈম ও জাকের। দিনের বাকি সময় আর কোনো উইকেট পড়তে দেননি তারা। দুজনই ১৮ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নিয়েছেন রস্টন চেইস, দুটি জোমেল ওয়ারিক্যান।
এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তেজনারাইন চন্দরপল ৫৬ ও জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন। শেষ দিকে রস্টন চেইস অপরাজিত থাকেন ৪৩ রানে। তবে মাত্র ১১ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ৩৩ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ারের ৫০ টেস্ট উইকেট পূর্ণ করেন নাঈম হাসান। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচে স্বস্তির জায়গা হারিয়েছে বাংলাদেশ।
আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হয়। দিনটিতে খেলা হয়েছে মাত্র ৬৩.৫ ওভার।


