যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ তৈরি হলেও সেই সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী নন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। ২০২৭ আইপিএলের নিলামে নাম নিবন্ধন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে ব্রিটিশ নাগরিক হিসেবে নিজের নাম নিবন্ধন করেন আমির। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০২৭ আইপিএলের মেগা নিলামে অংশ নিতে পারেন ৩৩ বছর বয়সী এই পেসার।
তবে এমন সম্ভাবনার কথা সরাসরি নাকচ করে দিয়েছেন আমির। ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমির বলেন, ‘না, আমি নিলামের জন্য নাম নিবন্ধন করছি না।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও (সাবেক টুইটার) আইপিএলে নাম লেখানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৭ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঘোষণা অনুযায়ী, নিলামে অংশ নিতে আগ্রহী ক্রিকেটাররা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। এই প্রক্রিয়া চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সালের পর থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাননি। ওই বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে যায়। তবে ব্রিটিশ পাসপোর্টের সুবাদে পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ কয়েক মৌসুম আইপিএলে খেলেছিলেন।
যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন আমির। এর আগে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় ক্রিকেটার হিসেবেই খেলেছেন তিনি।
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। তিন সংস্করণ মিলিয়ে তার শিকার ২৭১ উইকেট। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাঁহাতি এই পেসার।




