তাইজুলের ছন্দহীনতা দলের জন্য দুশ্চিন্তা-ফিল সিমন্স

বাংলাদেশের টেস্ট বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা তাইজুল ইসলাম। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি এই বাঁহাতি স্পিনার সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়ে আছেন। বল হাতে প্রত্যাশিত ধার দেখাতে না পারায় তাঁর পারফরম্যান্স নিয়ে বাড়ছে আলোচনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বড় হারের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সও স্বীকার করেছেন, তাইজুলের এমন ছন্দহীনতা দলের জন্য বড় উদ্বেগের।

সর্বশেষ সাত টেস্ট ইনিংসে তাইজুলের শিকার মাত্র পাঁচ উইকেট। এর মধ্যে তিন ইনিংসেই ছিলেন উইকেটশূন্য। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। সেবার ১৪০ রানে নিয়েছিলেন সাত উইকেট, যদিও ম্যাচটি ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এরপর অস্ট্রেলিয়ার ডারউইনে স্পিন সহায়ক পরিবেশেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অভিজ্ঞ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৬৯ ওভার বল করে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পরিস্থিতির সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে ২৬ ওভারে দুই উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ১২.১ ওভার বল করে ৫৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে তাইজুলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে উদ্বেগের কথা স্বীকার করেন সিমন্স। তিনি বলেন, ‘এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ তিনি আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তাই উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। আমি নিশ্চিত, এটা তাঁর নিজের জন্যও উদ্বেগের। তাঁর সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, নিজের এবং দলের জন্যই বিষয়টি সমান উদ্বেগের।’

এদিকে তাইজুলের কাঁধের চোট এবং সংযুক্ত আরব আমিরাত সফরের পর টেনডনে সমস্যার গুঞ্জন নিয়েও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি সিমন্স। তিনি বলেন, বিষয়টি মেডিক্যাল স্টাফদের কাছ থেকে জেনে নেওয়া উচিত। তবে অনুশীলনে তাইজুলকে স্বাভাবিকভাবেই বোলিং করতে এবং থ্রো করতে দেখেছেন তিনি। তাঁর ধারণা, শারীরিক সমস্যা আপাতত বোলিংয়ে প্রভাব ফেলছে না।

বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাইজুল একাদশে থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাঁর জায়গা হারানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

spot_imgspot_img
spot_img

Related Articles