পিঠের চোটের কারণে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। তবে তাকে আবারও সাদা পোশাকের ক্রিকেটে পাওয়ার ব্যাপারে আশাবাদী আফগানিস্তানের টেস্ট অধিনায়ক রহমত শাহ। তার মতে, পুরোপুরি ফিট হয়ে উঠলেই টেস্ট দলে ফিরবেন রশিদ।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে রশিদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন রহমত। তিনি জানান, চোটের ঝুঁকি এড়াতেই আপাতত টেস্ট ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে এই স্পিনারকে। চিকিৎসক ও ফিজিওর পরামর্শ অনুযায়ী, এখনই পাঁচ দিনের ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই তিনি।
গত বছর পিঠে অস্ত্রোপচারের পর থেকে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেললেও টেস্টে দেখা যায়নি রশিদকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টেও মাঠের বাইরে থেকে সতীর্থদের খেলা দেখেছেন তিনি।
বুধবার সংবাদ সম্মেলনে রহমত বলেন,
রশিদের ব্যাপারে দলের মেডিকেল স্টাফ ও ফিজিওর পরামর্শ হলো, সে এখনই টেস্ট খেলার মতো অবস্থায় নেই। সাদা বলের ক্রিকেটে সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে হারানোর ঝুঁকি আমরা নিতে পারি না।
টেস্ট ক্রিকেটের প্রতি রশিদের ভালোবাসার কথাও তুলে ধরেন আফগান অধিনায়ক। তবে তার মতে, এই ফরম্যাটে ফিরতে হলে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হতে হবে তাকে। রহমত বলেন, “আমি প্রার্থনা করি, সে যেন দ্রুত সেরে ওঠে। টেস্ট ক্রিকেট সে দারুণ ভালোবাসে। কিন্তু শরীর যদি সায় না দেয় এবং চিকিৎসকদের রিপোর্ট অনুমতি না দেয়, তাহলে কোনো ঝুঁকি আমরা নেব না। টি-টোয়েন্টি তিন ঘণ্টার খেলা, সেখানে চার ওভার বোলিং করতে হয়। কিন্তু টেস্টে দীর্ঘ জুটি ভাঙতে তাকে হয়তো টানা বোলিং করতে হবে, যা শরীরের ওপর অনেক বেশি ধকল তৈরি করবে।
তবে রশিদের টেস্ট ক্যারিয়ার নিয়ে কোনো সংশয় নেই আফগান অধিনায়কের। এ বিষয়ে রশিদ ও ক্রিকেট বোর্ডের সঙ্গে নিজের আলোচনার কথাও জানান তিনি। রহমত বলেন, “তার সঙ্গে ও বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। একশ ভাগ ফিট হয়ে উঠলেই নিশ্চিতভাবেই সে টেস্ট দলে ফিরবে।
এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারায় বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সীমিত হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন রহমত। তবে বাংলাদেশের বিপক্ষে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ ড্র করার অভিজ্ঞতা আফগানিস্তানকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ১৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।




