রশিদকে সরিয়ে টি-২০ বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আবরার

আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলেছেন তিনি। বুধবার সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে আবরারের রেটিং পয়েন্ট ৭৩৬। এক ধাপ নেমে রশিদের রেটিং পয়েন্ট হয়েছে ৭৩৫।

ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে রশিদের পারফরম্যান্স ছিল প্রত্যাশার তুলনায় বিবর্ণ। তিন ম্যাচে ৪ উইকেট পেলেও রান দিয়েছেন বেশ খরুচে। ওভার প্রতি গড়ে ৯.৮২ রান খরচ করেছেন তিনি। রশিদের এই পারফরম্যান্সের পর কোনো ম্যাচ না খেলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন আবরার।

রশিদের নিচে জ্যাম্পা শীর্ষে লেগ স্পিনাররা

পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে জায়গা করে নিয়েছেন আবরার। এর আগে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহিদ আফ্রিদি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানেই আছেন লেগ স্পিনাররা। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা আছেন তৃতীয় স্থানে। এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমেছেন ইংল্যান্ডের আদিল রশিদ, তাঁর রেটিং পয়েন্ট ৬৯৫।

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ১২ নম্বর স্থান ধরে রেখেছেন। সেরা ৫০-এ আরও আছেন শেখ মেহেদী হাসান (২১), মোস্তাফিজুর রহমান (২৪) ও রিশাদ হোসেন (২৮)।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। ভারতের ইশান কিশান ও অভিষেক শর্মা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন। পাকিস্তানের সাহিবজাদা ফারহান আছেন তৃতীয় স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা ২০-এ আছেন শুধু তানজিদ হাসান তামিম, তিনি রয়েছেন ১৭তম স্থানে।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন নেই। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের সাইম আইয়ুব যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস।

spot_imgspot_img
spot_img

Related Articles