অস্ট্রেলিয়া সফর থেকে চোট নিয়ে দেশে ফিরছেন ইংল্যান্ডের পেসার

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড ক্রিকেট দল। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটের কারণে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জশ টং। চোটের প্রকৃত অবস্থা জানতে দ্রুতই ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এই ডানহাতি পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির কথা বিবেচনায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে এমনিতেই রাখা হয়নি টংকে। তবে পাকিস্তান সফর থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন তিনি। সেখানে ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের মধ্যে কেবল প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন এই পেসার।

গত এক বছরে ইংল্যান্ডের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন টং। চলতি বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয়েছে তাঁর। জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন ও সনি বেকারদের সঙ্গে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন তিনি।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী সপ্তাহে এই সিরিজের জন্য দল ঘোষণার কথা রয়েছে। ফলে টংয়ের চোট ও ফিটনেস নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে শনিবার পার্থে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ৯২ রানের বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ইংল্যান্ড। আগামী শুক্রবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও ২০২৬ সালে ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো সময় পার করছে ইংল্যান্ড। এ বছর এখন পর্যন্ত নিজেদের আগের তিনটি দ্বিপাক্ষিক সিরিজেই জয় পেয়েছে দলটি।

এদিকে চোট কাটিয়ে জফ্রা আর্চারের প্রত্যাবর্তন ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফিরিয়েছে। ইংলিশ গ্রীষ্মের ব্যস্ত সূচি শেষে পাকিস্তান সফরে বিশ্রামে ছিলেন এই তারকা পেসার। তবে শনিবার ওয়াকায় প্রস্তুতি ম্যাচে ৩৪ রান খরচায় তিন উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

এ ছাড়া হাঁটুর চোট কাটিয়ে গত জুলাইয়ের পর আবারও দলে ফিরেছেন জ্যাকব বেথেল। প্রস্তুতি ম্যাচে একাদশে জায়গা না পেলেও এই সফরে উইল জ্যাকসের সঙ্গে তাঁকেও সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করার কথা ইংল্যান্ডের। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।

spot_imgspot_img
spot_img

Related Articles