দ. আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গেলেন সাদমান

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আরও একটি দুঃসংবাদ। সিলেট টেস্টের মাঝপথেই গোড়ালির গুরুতর চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে সুযোগ পেতে যাচ্ছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় গোড়ালিতে আঘাত পান সাদমান। চোটের অবস্থা গুরুতর হওয়ায় চলমান টেস্টের বাকি অংশেও তাঁর খেলার সম্ভাবনা নেই। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একজন ব্যাটার কম নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

সাদমানের চোটের বিষয়ে নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে পাওয়া যাবে না। তাঁর গোড়ালির লিগামেন্টে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি হাড়ে ফাটল বা ফ্র্যাকচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে সাদমানের অনুপস্থিতিতে জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাহফিজুল ইসলাম রবিনের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কেড়েছেন ময়মনসিংহের এই তরুণ ওপেনার। তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।

বর্তমানে জাতীয় দলের সঙ্গেই সিলেটে অবস্থান করছেন রবিন। দলের কোচিং স্টাফদের অধীনে নেটে নিয়মিত অনুশীলনও করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই তাঁর টেস্ট অভিষেকের পথে প্রথম ধাপ শুরু হতে পারে।

উল্লেখ্য, দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

spot_imgspot_img
spot_img

Related Articles