শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে তিন নতুন মুখ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের সংশোধিত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই পাকিস্তানের টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার। তাঁরা হলেন ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ, বাঁহাতি পেসার আলী শাব্বির এবং ফাস্ট বোলার সাকিব খান।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে দল চূড়ান্ত করেছে পাকিস্তান। আগের ১৪ সদস্যের স্কোয়াডে একাধিক পরিবর্তন এনে নতুন দল সাজিয়েছে নির্বাচকরা।

সংশোধিত দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। পাশাপাশি ইংল্যান্ড সফরের মাঝপথে দেশে ফিরে আসা অলরাউন্ডার সালমান আলী আগাও আবারও জায়গা পেয়েছেন। অন্যদিকে নতুন ক্রিকেটারদের অন্তর্ভুক্তির কারণে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ ফজল ও আলী ওসমান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই সিরিজ। দুই ম্যাচের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে লাহোরে।

নতুনদের মধ্যে সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ১৯ বছর বয়সী ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ। ডিপার্টমেন্টাল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে কিংসম্যান একাডেমির হয়ে নিজের অভিষেক মৌসুমেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। সাত ম্যাচে ৬৬.০৯ গড়ে তিনটি সেঞ্চুরিসহ তাঁর সংগ্রহ ৭২৭ রান। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।

অন্যদিকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আট ম্যাচে ২২ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন বাঁহাতি পেসার আলী শাব্বির। শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার। ওই ম্যাচে শিকার করেছেন তিন উইকেট।

নতুন তিন ক্রিকেটারের মধ্যে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব খান। ২০২৫-২৬ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফির শিরোপাজয়ী দল করাচি ব্লুজের হয়ে নয় ম্যাচে ২০.৬০ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৩৪ রানে সাত উইকেট।

এদিকে দলে ফেরা আমির জামালও ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৯টি টেস্ট, ছয়টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।

কায়েদ-ই-আজম ট্রফির প্রথম পর্বে লাহোর হোয়াইটসের অধিনায়ক হিসেবে ৭৫ ও ২৩ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনটি উইকেট নেন জামাল। এ ছাড়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানের ফাইনালে ৩২ রানে সাত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ৫৫ রান। সব মিলিয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা তাঁকে আবারও জাতীয় দলে ফিরিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের সংশোধিত টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আলী শাব্বির, আরাফাত মিনহাজ, আজান আওয়াল, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ গাজী ঘৌরি (উইকেটকিপার), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, মুহাম্মদ তৈয়ব আরিফ, রাজউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সালমান আলী আগা, সামির মিনহাজ, সাকিব খান ও সউদ শাকিল।

spot_imgspot_img
spot_img

Related Articles