আফগানিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত স্কটল্যান্ডের

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারীদের অধিকার পরিস্থিতি এবং দেশটিতে নারী ক্রিকেটের কার্যক্রম বন্ধ থাকাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। আইসিসির বাধ্যবাধকতা না থাকলে আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না স্কটল্যান্ড।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, আইসিসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়ম অনুযায়ী আফগানিস্তানের মুখোমুখি হতে হলে তারা খেলবে। প্রয়োজনে প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে দলটি। তবে নারী ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া পর্যন্ত নিজেদের উদ্যোগে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা ম্যাচ আয়োজন করবে না তারা।

আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের সর্বশেষ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুই দলের দেখা হয়েছে।

গত গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা শুরু করেছিল ক্রিকেট স্কটল্যান্ড। এর আগে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল আফগানিস্তান দল। পাশাপাশি প্রস্তাবিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।

তবে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে স্কটিশ ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না ক্রিকেট স্কটল্যান্ড। গত সপ্তাহে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। লিগটি আইসিসির অনুমোদন পেলে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে ক্রিকেট স্কটল্যান্ড পরিষ্কার করেছে, কোনো খেলোয়াড়কে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেওয়া মানেই দেশটির বর্তমান শাসনব্যবস্থা কিংবা তাদের নীতির প্রতি সমর্থন জানানো নয়।

spot_imgspot_img
spot_img

Related Articles