ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপ্পে

ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে এবার লামিনে ইয়ামালকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। লা লিগার মাসসেরার পুরস্কার জিতে প্রথমবারের মতো ব্যক্তিগত স্বীকৃতির লড়াইয়ে বার্সেলোনা তারকাকে পেছনে ফেললেন তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে পারেননি এমবাপ্পে কিংবা ইয়ামাল। দুজনকেই পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন হ্যারি কেইন। সেই প্রতিযোগিতায় এমবাপে দ্বিতীয় এবং ইয়ামাল তৃতীয় হয়েছিলেন।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এমবাপ্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো।

পুরস্কার জয়ের ক্ষেত্রে এমবাপের গোল করার দক্ষতাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। অক্টোবর মাসে লা লিগার তিন ম্যাচে চারটি গোল করেন তিনি। দলের গুরুত্বপূর্ণ জয়ের পেছনেও অবদান ছিল রিয়াল তারকার।

সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পেও একই কীর্তি গড়েন এমবাপে। তাঁর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে চলতি লা লিগা মৌসুমে এমবাপের গোলসংখ্যা ১১, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। অর্থাৎ সরাসরি ১৩টি গোলে অবদান রেখেছেন তিনি।

অন্যদিকে, অক্টোবর মাসে ইয়ামালও ছিলেন দারুণ ছন্দে। তিন ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। তবে পুরো মৌসুমের পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন ইয়ামাল। এখন পর্যন্ত আট গোল ও ছয় অ্যাসিস্ট মিলিয়ে ১৪টি গোলে অবদান রেখেছেন তিনি।

অর্থাৎ মৌসুমজুড়ে গোল ও অ্যাসিস্টের হিসাবে ইয়ামাল এগিয়ে থাকলেও অক্টোবর মাসে বেশি গোল করায় মাসসেরার স্বীকৃতি জিতে নিয়েছেন এমবাপ্পে।

spot_imgspot_img
spot_img

Related Articles