লর্ডস টেস্টে! অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মে মাসে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের আসন্ন ইংল্যান্ড সফরটি এখন আর একটি টেস্টেই সীমাবদ্ধ থাকছে না। সফরে নতুন করে আরও একটি টেস্ট ম্যাচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের আগে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আইরিশদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে, কাউন্টি দল এসেক্সের হোম গ্রাউন্ডে। ২০২৩ সালে এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। তবে এখন পর্যন্ত চেমসফোর্ডে ছয়টি ওয়ানডে অনুষ্ঠিত হলেও মাঠটিতে কোনো টেস্ট ম্যাচ আয়োজন করা হয়নি।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ম্যাচটি তিন অথবা চার দিনের হতে পারে। ফলে সব মিলিয়ে টাইগারদের ইংল্যান্ড সফরটি বেশ দীর্ঘ হতে যাচ্ছে।
এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে মিরপুরে এবং অন্যটি সিলেটে।
ইংল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচ নিশ্চিত হওয়ার পর থেকেই সফরের পরিধি বাড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল বিসিবি। এ জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সীমিত ওভারের ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করেছিল বাংলাদেশ। বিশেষ করে আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে সফরে দুই থেকে তিনটি ওয়ানডে যুক্ত করার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। যদিও ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আয়োজনের আশ্বাস দিয়েছে ইসিবি।
এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করে বিসিবি। সেই আলোচনার ফল হিসেবেই লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আরেকটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
লর্ডস টেস্টে ফিরছে বাংলাদেশ
টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম এক দশকের মধ্যেই দুই দফায় ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। ২০০৫ সালে দুটি এবং ২০১০ সালে আরও দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। ২০১০ সালের সেই সফরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি দুর্দান্ত সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল, যিনি বর্তমানে বিসিবি সভাপতি। এরপর দীর্ঘ সময় আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী কয়েক বছরে ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনাও ছিল না বাংলাদেশের। তবে ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংলিশ বোর্ড। সুযোগটি কাজে লাগাতে দেরি করেনি বিসিবি।
এদিকে, আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজনের পরিকল্পনা থাকলেও উইকেট নিয়ে বিতর্কের কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে ওভালে। ফলে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত টেস্টটি লর্ডসেই আয়োজনের সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের আগে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। ওই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।




