২০২৬ ফিফা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা চলছে। এরই মধ্যে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের নামে একটি বক্তব্য ভাইরাল হয়েছে।
ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, বেকহ্যাম নাকি বলেছেন, ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে, আর লিওনেল মেসিকে থামানোর মতো কোনো ফুটবলার বর্তমান ইংল্যান্ড দলে নেই। এমনকি তিনি নিজের দেশের জয়ের সম্ভাবনাও নাকি উড়িয়ে দিয়েছেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। ভাইরাল হওয়া পুরো বক্তব্যই মনগড়া এবং বিভ্রান্তিকর।
আসল ঘটনা কী?
চলতি বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিওনেল মেসিকে নিয়ে দু’টি পোস্ট করেন।
প্রথম স্টোরিতে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “তিনি অত্যন্ত অসাধারণ একজন মানুষ। কেবল মাঠে তিনি যা করেন তার জন্যই নয়, বরং মাঠের বাইরে তিনি মানুষ হিসেবে কেমন, সেটির জন্যও।”” অর্থাৎ, “সে অত্যন্ত বিশেষ একজন মানুষ। শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরেও সে অসাধারণ একজন মানুষ।”
আরেকটি স্টোরিতে তিনি লেখেন, “Nothing more to say.” অর্থাৎ, “নতুন করে বলার কিছু নেই।”
মূলত নিজের ক্লাব ইন্টার মায়ামির সবচেয়ে বড় তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বেকহ্যাম এই পোস্টগুলো করেছিলেন। সেখানে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ, ইংল্যান্ডের সম্ভাবনা কিংবা মেসিকে আটকানোর সক্ষমতা নিয়ে কোনো মন্তব্য ছিল না।
কীভাবে ছড়াল বিভ্রান্তি?
ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর বেকহ্যামের সেই পুরোনো ইনস্টাগ্রাম স্টোরি এবং ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তাঁর লাল কার্ডের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি একটি কাল্পনিক বক্তব্য তৈরি করে প্রচার শুরু করে।
পরবর্তীতে সেই মনগড়া বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন। কিন্তু কোথাও বেকহ্যামের এমন মন্তব্যের নির্ভরযোগ্য কোনো ভিডিও, সাক্ষাৎকার বা অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।
সেমিফাইনালের উত্তেজনা
থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড এবং লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা, দুই দলই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। বিশ্বকাপের মঞ্চে এটি হতে যাচ্ছে লিওনেল মেসির ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ, ফলে লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।
তবে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য সমর্থকদের বিভ্রান্ত করছে।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, ডেভিড বেকহ্যাম কখনোই বলেননি যে, ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হারবে বা বর্তমান ইংল্যান্ড দলে মেসিকে থামানোর মতো কেউ নেই। ভাইরাল হওয়া এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া, যার সঙ্গে বেকহ্যামের প্রকৃত বক্তব্যের কোনো মিল নেই।


