অধিনায়কত্বে অভিষেক হচ্ছে হামজার – একাদশে তিন পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। একই সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কের দায়িত্বও পাচ্ছেন হামজা। দলীয় সূত্রে জানা গেছে, আজকের ম্যাচে তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।

ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রেখেছেন কোচ।

একাদশে তিনটি পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হামজা ও ফারহানের প্রত্যাবর্তন। অন্যদিকে, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও বিশ্বনাথ মূলত একজন পরীক্ষিত ডিফেন্ডার। আগের ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যার একমাত্র গোলেই ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বেও দেখা যাচ্ছে পরিবর্তনের ধারাবাহিকতা। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন তপু বর্মণ। তবে ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া।

এবার একাদশে ফিরেই নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো অধিনায়কত্ব করেননি তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হামজার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

spot_imgspot_img
spot_img

Related Articles