শেষ মুহুর্তের গোল হজম অপেক্ষা বাড়ালো আল নাসরের

সৌদি প্রো লিগ

গোলের পর সিমাকনের উচ্ছ্বাস

সৌদি প্রো লিগে শিরোপা জয় থেকে আর মাত্র এক পা দূরে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের শিরোপা জয়ের বিষয়টি এখন আর অন্যদের ওপর নয়, নিজেদের শেষ ম্যাচের ওপর নির্ভর করছে। শেষ ম্যাচে জয় পেলেই আল নাসর এবারের লিগ শিরোপা জয় করবে। শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘুচবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল হিলালের বিপক্ষে শেষ মুহুর্তের গোল হজম তাদের অপেক্ষার প্রহর বাড়িয়েছে।

শেষ মুহুর্তে আত্মঘাতি গোল

মঙ্গলবারই আল শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারতো। চির প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে নিজেদের মাঠের খেলায় সে পথেই ছিল তারা। কিন্তু দুর্ভাগ্য শেষ মূহুর্তে আত্মঘাতি গোল হজম তাদের শিরোপা জয়ের উৎসবকে পিছিয়ে দিয়েছে। নিজেদের মাঠের খেলায় আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। ৩৭ মিনিটে মোহাম্মদ সিমাকানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসর। ৯৮ মিনিটে আত্মঘাতি গোল হজম করে দলটি। এ ম্যাচে রোনালদো মাঠে থাকলেও ৮৩মিনিটে তাকে কোচ তুলে নেন।

শেষ ম্যাচ জিতলেই শিরোপা

এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না আল নাসরের। অন্যদিকে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে আল হিলালের সামনের লক্ষ্যটা ছিল একই। কিন্তু পারেনি আল হিলাল। পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াই থেকে তারা ছিটকে যায়নি ঠিকই, তবে লড়াইটা আর নিজেদের হাতে নেই। শিরোপা জিততে এখন নিজেদের শেষ দুই ম্যাচে জিততে হবে একই সঙ্গে আল নাসরের হারের জন্য প্রার্থনা করতে হবে। ৩৩ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৮৩। ৭৮ পয়েন্ট আল হিলালের। তারা খেলেছে ৩২ ম্যাচ।

গোল হজমের পর হতাশ রোনালদো

আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শিরোপা উদযাপনের সব আয়োজন শেষ করেছিল আল নাসর। ৩৭তম মিনিটে মোহাম্মদ সিমাকানের গোলে ব্যবধান গড়ে নিয়েছিল দলটি। বিরতির সময়েও একই ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর। অপেক্ষায় ছিল শেষ বাঁশি বাজার। শেষ বাঁশি বেজেছে ঠিকই কিন্তু উৎসব এদিন আর করা হয়নি আল নাসরের সমর্থকদের। খেলা শেষ হওয়ার ঠিক আগমুহুর্তে এক আত্মঘাতি গোল আল নাসরের অপেক্ষার প্রহর শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিয়েছে।

কঠিন পথ আল হিলালের

আগামী ২০ মে আল নাসর দামাকের বিপক্ষে মাঠে নামবে। এদিন জিতলেই আল নাসর পাবে শিরোপা। একই সঙ্গে ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়া রোনালদো প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জয় করবেন। তবে আগামী ১৬ মেতেও তারা শিরোপা জয়ের উৎসব করতে পারে। যদিও এদিন তাদের ম্যাচ নেই, তবে এদিন মাঠে নামবে আল হিলাল। তাদের প্রতিপক্ষ নিওম। এ ম্যাচে আল হিলাল যদি নিওমকে হারাতে না পারে তাহলে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আল নাসর।

Exit mobile version