সেঞ্চুরির পথে আর্জেন্টিনার কোচ স্কালোনি। আট বছর আগে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় যে অনুভূতি ছিল, শততম ম্যাচের দুয়ারে দাঁড়িয়েও ঠিক একই অনুভূতি কাজ করে লিওনেল স্কালোনির মনে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী এই কোচ জানালেন, প্রতিটি ম্যাচের আগে এখনও স্নায়ুচাপে ভোগেন তিনি। বরং এই চাপই তাকে আরও সতর্ক ও দায়িত্বশীল রাখে বলে বিশ্বাস তার।
বিশ্বকাপের শেষ ষোলোতে কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির শততম দায়িত্ব পালন। ব্যক্তিগত এই মাইলফলকের আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, সাফল্য যতই আসুক, ম্যাচের আগে উত্তেজনা ও চাপ কখনও কমে না।
জর্ডানের বিপক্ষে জয় পাওয়ার পর স্কালোনি বলেন, ‘আমি প্রথম দিনের মতোই একই রকম আছি। যখনই কোনো ম্যাচ খেলবেন, ভেতরে কিছু একটা অনুভব করবেন। আমরা সব সময়ই স্নায়ুচাপ অনুভব করি।”
তিনি আরও বলেন, ‘চাপহীন ম্যাচ বলে কিছু নেই। আমরা এভাবেই নিজেদের গড়ে তুলেছি, কারণ আমরা এভাবেই বিষয়টি দেখি। যেদিন এই অনুভূতি থাকবে না, সেদিন বুঝব কোনো সমস্যা আছে।”
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক এই ডিফেন্ডার। এর আগে তিনি বিশ্বকাপের কোচ হোর্হে সাম্পাওলির সহকারী ছিলেন এবং বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছিলেন। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার সময় তার সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে সময়ের সঙ্গে সব সংশয় দূর করে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হয়েছেন তিনি।
স্কালোনির অধীনেই ২০২১ সালে ২৮ বছরের শিরোপা-খরা কাটিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের বিশ্বকাপ অপেক্ষার অবসান ঘটে। সবশেষ ২০২৪ কোপা আমেরিকার শিরোপাও ধরে রাখে লিওনেল মেসির দল।
পরিসংখ্যানও স্কালোনির সাফল্যের পক্ষে কথা বলছে। তার অধীনে ৯৯ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৭২টি, ড্র করেছে ১৮টি এবং হেরেছে মাত্র ৯টি। ধারাবাহিক সাফল্যের সুবাদে তিনি ইতোমধ্যেই বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি কোচ সেসার লুইস মেনোত্তি ও কার্লোস বিলার্দোর ৭৯ ম্যাচের রেকর্ড ছাড়িয়ে গেছেন।
আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচে কোচিং করিয়েছেন গিয়ের্মো স্তাবিলে। শততম ম্যাচে পৌঁছে সেই রেকর্ডের দিকেও আরেক ধাপ এগিয়ে যাবেন স্কালোনি। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে তার লক্ষ্য একটাই-কেইপ ভার্ডেকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে শিরোপা ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















