রাজনৈতিক সমস্যায় থাকা সাকিব ছাড়াও তামিম বললেন মাশরাফি বিন মর্তুজা ও নাইমুর রহমান দুর্জয়ের কথাও। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের সরকার ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আর সে কারণে সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলতে পারছেন না। মাশরাফি ও দুর্জয়ও এই পরিবর্তিত পরিস্থিতির শিকার।
বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে মাতামাতি চলছে, তবে সাকিব ছাড়াও তামিম বললেন মাশরাফি ও দুর্জয়ের কথা। বাকি দুইজনের বিষয়ে কেউ কথাই বলছেন না। এর একটি কারণ হতে পারে যে, বিশ্ব সেরা থাকাকালীন সাকিব অবসর নেওয়ার আগেই দেশের জার্সিতে আর খেলতে পারছেন না।
রাজনৈতিক অবস্থানে কারণে ২০২৪ সালে দেশের ক্ষমতায় রদবদল হলে আর দেশেই আসতে পারেননি সাকিব। যদিও দেশের বাইরে অনেকগুলো সিরিজ খেলেছে বাংলাদেশ দল। তবে রাজনৈতিক সমস্যা, নানা মামলা থাকার পাশাপাশি বোলিং অ্যাকশনের ত্রুটির জন্যও কিছুদিন নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। তাই দেশের বাইরের সিরিজগুলোও খেলার জন্য ডাক পাননি সাকিব।
সাকিব ছাড়াও তামিম বললেন যাদের কথা
অবশ্য মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু করে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কমিটি। যদিও পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ককে দলে রাখার বিষয়টি বিবেচনা করা হয়নি।
সাকিব আসলে কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সে বিষয়ে কিছুই স্পষ্ট হয়নি এখন পর্যন্ত। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন।
এবার সাকিবের ফেরা নিয়ে মুখ খুললেন বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমরা গত এক/ দেড়/ দুই বছর ধরে একজনকে নিয়েই কথা বলছি। আমি অনুরোধ করছি, আমাদের তিনজন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক একই রকম পরিস্থিতিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়। এখানে বসে কেবল একজনের ব্যাপারেই কথা বলা আমার জন্য সঠিক নয়।’
তিনি আরো বলেন,‘প্রশ্ন করার সময় বাকি দুইজনের নামও উল্লেখ করার অনুরোধ আপনাদের প্রতি। ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেটীয় ব্যাপারে আমরা যতটা সাহায্য করতে পারি, যেকোনো সুযোগ সুবিধা বা যেকোনো কিছু, আমরা অবশ্যই সবসময় তাদেরকে স্বাগত জানাব। আমাদের মন্ত্রীও বলেছেন, তারা নমনীয় থাকবেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবসময় আছি।’
