আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। এবারের আসরে আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশ গুলোর মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও বাংলাদেশ তা নিয়ে ভাবছে না। কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, অন্য অ্যাথলেটরা যে সুযোগ-সুবিধা পাবেন, ক্রিকেটারদের জন্যও সেটিই যথেষ্ট।
জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের ক্রিকেট আয়োজনের সুযোগ-সুবিধা ও আবাসন নিয়ে নানা আলোচনা চলছে। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন সালাউদ্দিন। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশ দলের এই কোচ বলেছেন, ‘আবাসন নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। গেমস ও এশিয়ান গেমস ভিলেজে অন্যান্য অ্যাথলেটরা যে সুবিধা পাবেন, আমরাও সেটাই পাব। ক্রিকেট দল হিসেবে আমাদের আলাদা থাকতে হবে, এমনটা আমরা ভাবছি না। আমরা নিজেদের অ্যাথলেট হিসেবেই ভাবি। তারা আমাদের রাস্তায় ফেলে রাখবে না। থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা থাকবে। তাই এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।
এবারের প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে হওয়ায় শুরু থেকেই সতর্ক থাকতে চান সালাউদ্দিন। এরই মধ্যে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছেন তিনি। দলের কয়েকজন ক্রিকেটার বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে রয়েছেন। ব্যস্ত সূচির মধ্যে তাঁদের ফিটনেসের দিকেও নজর রাখতে হবে বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন,
আমরা আগামীকাল (১৩ সেপ্টেম্বর) থেকে প্রস্তুতি শুরু করব। বেশ কয়েকজন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকায় (বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে) আছে। সামনে আমাদের অনেক ব্যস্ত সফর, তাই তাদের সামগ্রিক ফিটনেসের দিকেও নজর রাখতে হবে।
ফিটনেসের পাশাপাশি ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিকেও গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমাদের তাদের মানসিক অবস্থারও যত্ন নিতে হবে। এর আগে আমরা ভিন্ন একটি ফরম্যাটে খেলেছি। তাই যত দ্রুত সম্ভব এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর আমরা গুরুত্ব দেব। আবাসন নিয়ে ভাবার চেয়ে আমার মূল চিন্তা হলো, ছেলেরা কীভাবে টুর্নামেন্টে ভালো খেলতে পারে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারে। কারণ এটি একটি নকআউট প্রতিযোগিতা।’
নকআউট ও টি-টোয়েন্টি-দুই কারণেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন সালাউদ্দিন। বিশেষ করে অ্যাসোসিয়েট দলগুলোর এই ফরম্যাটে অভিজ্ঞতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
সালাউদ্দিনের ভাষায়, ‘নকআউট টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টিতে যেকোনো দলই জিততে পারে। অন্য দলগুলোকে হালকাভাবে নেওয়া যাবে না। আমার মনে হয়, অ্যাসোসিয়েট সদস্যদের বেশিরভাগ দলই এই ফরম্যাটে বেশি খেলে। ফলে এই জায়গায় তাদের কিছুটা সুবিধা রয়েছে। আমাদের প্রায়ই এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে হয়। তাই টি-টোয়েন্টিতে কাউকেই হালকাভাবে নেওয়া যাবে না।’
এশিয়ান গেমসে প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে খেলতে চান বাংলাদেশ কোচ। তাঁর লক্ষ্য একটাই-প্রতিটি ম্যাচ জিতে নকআউটের পরের ধাপে যাওয়া। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেই খেলতে হবে।’



