এক বছরের ব্যবধানে এশিয়া কাপের দুটি ট্রফি নেওয়ার সময় একই অবস্থান নিয়েছে ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। ভূরাজনৈতিক উত্তেজনা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের জেরেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত বছর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারতের পুরুষ দল। কিন্তু ফাইনালের পর মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। শেষ পর্যন্ত নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেই ট্রফি এখনো এসিসির দপ্তরেই রয়েছে বলে জানা গেছে।
একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবারও। রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতার পর ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেয়নি বিসিসিআই।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের আগেই এসিসিকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল বিসিসিআই। বোর্ড জানিয়েছিল, ভারত চ্যাম্পিয়ন হলে মহসিন নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না। সে কারণে এবার পুরস্কার বিতরণীর মঞ্চেও ট্রফি আনা হয়নি।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ভারতীয় দল চেয়েছিল এসিসির অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে ট্রফি নিতে। বিশেষ করে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির হাতে ট্রফি তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে সেই প্রস্তাবে সম্মতি দেননি নাকভি।
এ কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ ছিল না বলে জানিয়েছেন সাইকিয়া। ‘হিন্দুস্তান টাইমস’-কে তিনি বলেন,
দেড় বছর আগের ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনো আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকের হাতে প্রাণ দেওয়া আমাদের দেশের বহু মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অবস্থান অটুট রাখতে চাই।
এশিয়া কাপের ট্রফি নিয়েও আশাবাদী ভারত
সাইকিয়া আরও বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তা মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না। তবে ট্রফি না নেওয়ার ঘটনায় শিরোপা জয়ের আনন্দে কোনো ঘাটতি নেই বিসিসিআইয়ের। সাইকিয়া জানিয়েছেন, শেষ পর্যন্ত দুটি ট্রফিই ভারতের হাতে আসবে বলে তারা আশাবাদী।
তিনি বলেন, ‘এশিয়া কাপে দারুণ জয়ের জন্য বিসিসিআই নারী দলকে অভিনন্দন জানিয়েছে। পুরো দেশ আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত। কোনো এক পর্যায়ে আমরা দুটো ট্রফিই ফিরে পাব।




