যুব এশিয়া কাপে এখন পর্যন্ত দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন আসরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে যুব টাইগাররা। দলের সঙ্গে রয়েছে অভিজ্ঞ কোচিং প্যানেল। তাই সমর্থকদের প্রত্যাশাও বেশি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহাও আশাবাদী, এবারও এশিয়া কাপের শিরোপা জিততে পারে বাংলাদেশ।
তবে এশিয়া কাপ জয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাতেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। এই দলের মূল লক্ষ্য ২০২৮ সালের যুব বিশ্বকাপ। বিশ্বকাপ পর্যন্ত একই দলকে ধরে রেখে খেলোয়াড়দের প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
ফাহিম সিনহা বলেন, ‘অবশ্যই এশিয়া কাপ জয়ের প্রত্যাশা থাকবে। তবে বিশ্বকাপই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই দলটি বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে থাকবে। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অবশ্যই বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য।’
এবার অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে রয়েছেন দেশীয় কোচরা। তবে কোচ দেশি না বিদেশি, সেটিকে বড় করে দেখছেন না ফাহিম। তাঁর মতে, খেলোয়াড়দের উন্নতি এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচিং স্টাফ দেশি হোক কিংবা বিদেশি, সবার কাছেই আমাদের প্রত্যাশা থাকবে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। প্রতিটি ম্যাচ জিততেই হবে কিংবা এশিয়া কাপের শিরোপা জিততেই হবে, বিষয়টি এমন নয়।’
তিনি আরও বলেন, ‘জয়ের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। লক্ষ্য থাকবে এশিয়া কাপ জিতে দেশে ফেরা। তবে আমাদের মূল মনোযোগ থাকবে খেলোয়াড়দের উন্নতির দিকে। প্রক্রিয়াটা ঠিকভাবে এগোচ্ছে কি না, সেটি দেখতে হবে। এই আসর থেকে আমরা কী পেলাম, ভবিষ্যতের জন্য কতজন ভালো খেলোয়াড় খুঁজে পেলাম, সেটিও গুরুত্বপূর্ণ।’


