ক্যারিবিয়ানদের উড়িয়ে রেকর্ড অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া

ক্যারিবিয়ানদের উড়িয়ে রেকর্ড অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া

আইসিসি নারি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের উড়িয়ে রেকর্ড অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া। এক কথায় নারী বিশ্বকাপে আবারও নিজেদের আধিপত্যের প্রমাণ দিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে সহজেই হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১২৬ রানের লক্ষ্য মাত্র ১৩ ওভারেই টপকে যায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে দুর্দান্ত অপরাজিত ৬১ রান করেন অভিজ্ঞ ওপেনার বেথ মুনি, আর অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন অ্যাশলি গার্ডনার। মঙ্গলবার ওভালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মলিনিউ।

ম্যাচের শুরুতে উইকেটে পেসারদের জন্য কিছুটা সহায়তা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ভালো সূচনা এনে দেন। অধিনায়ক হেইলি ম্যাথিউস ৩০ বলে ২৮ রান করে দলকে ৪৭ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। তবে তার বিদায়ের পরই ধস নামে ক্যারিবীয় ব্যাটিংয়ে।

অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে ৪৭ রানেই দুই থেকে চার এবং পরে ৮৩ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে ডিয়েন্ড্রা ডটিন ১৬ বলে অপরাজিত ২৬ রানের কার্যকর ইনিংস খেললেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি দলটি।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলি গার্ডনার চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যাম ১৭ রানে এবং বাঁহাতি স্পিনার সোফি মলিনিউ ৩০ রানে দুটি করে উইকেট শিকার করেন।

১২৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন জর্জিয়া ভল। ১১ বলে ১৬ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি অস্ট্রেলিয়া। ৪৩ রানে দুই উইকেট হারানোর পর বেথ মুনি ও অ্যাশলি গার্ডনার অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে দলকে সহজ জয় এনে দেন। মুনি মাত্র ৩৬ বলে ৮ চার ও ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে গার্ডনার ২০ বলে অপরাজিত ৩৫ রান করে অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

মুনি মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন। এর আগে ২০২০ সালের ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ৩০ বলে ফিফটি করেছিলেন। বিশ্বকাপে এটি মুনির অষ্টম পঞ্চাশোর্ধ্ব ইনিংস, যা নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

এই জয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়-পরাজলের ব্যবধান দাঁড়াল ১৮-২, আর বিশ্বকাপে ৬-১। অন্যদিকে সাতবার সেমিফাইনাল খেলেও ষষ্ঠবারের মতো বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। চলতি আসরে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া আগামী রোববার লর্ডসে শিরোপার লড়াইয়ে ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

Exit mobile version