জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা। চলতি মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে পায়ের চোটে পড়েছিলেন লিটন কুমার দাস। যে কারণে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামা হয়নি এই ক্রিকেটারের।
এরপর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান লিটন। ওয়ানডে সিরিজের শুরুতেও তার ফেরার সম্ভাবনা কম। লিটনের চোটের অগ্রগতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
সোমবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘লিটন বর্তমানে বাম পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন এবং সেটি এখনও গ্রেড ওয়ান পর্যায়েই রয়েছে। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে তার দুই সপ্তাহ পার হয়ে গেছে।’
এছাড়া লিটনের ফেরার বিষয়ে তিনি আরও জানান, ‘ইনশাআল্লাহ, আমরা আশা করছি তিনি তিন সপ্তাহের মধ্যেই পুরোপুরি সেরে উঠবেন’ তবে টেস্টে সিরিজ শেষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন বায়েজিদ। যদিও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার আশা দেখছে টিম ম্যানেজমেন্ট।
জাতীয় দলের এই ফিজিও লিটনকে নিয়ে বলেন, ‘যদি তিনি ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে উত্তীর্ণ হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তিনি দলের জন্য অ্যাভেইলেবল থাকবেন।’
টেস্ট শেষে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ জুলাই দ্বিতীয় এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই সেন্ট্রাল আফ্রিকা টাইম বা স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে কুইন্স স্পোর্টস ক্লাবে, যেখানে অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৫ জুলাই। এরপর একদিন করে বিরতি দিয়ে ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯শ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















