দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে সফর সূচিও। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে মাঠে গড়াবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পরাশক্তি দলটি। ওয়ানডে সিরিজিএর ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তানে যাবে অজিরা। সেখানে খেলবে তিনটি ওয়ানডে, যে সিরিজ শুরু হবে ৩০ মে। এদিকে আইপিএলের ফাইনাল হবে ৩১ মে। তাই এই ওয়ানডে সিরিজের শুরুতে অজি ক্রিকেটারদের কেউ কেউ না-ও থাকতে পারেন।
বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১১ সালে। সেই তিন ম্যাচের সিরিজে শেন ওয়াটসনের ছক্কা-বৃষ্টি আজও মনে আছে সবার। ১৫ ছক্কায় ৯৬ বলে ১৮৫ রানের কালজয়ী এক ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের অভিষেকও হয়েছিল ঐ সিরিজে।
এর আগে ২০২১ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ৪-১ ব্যবধানে হারতে হয় মিচেল স্টার্কদের। যদিও সিরিজটির পরপর অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অজিরা।
ঐ সিরিজটি অস্ট্রেলিয়ায় দেখা না গেলেও এবার এমন কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ক্রিকেট ডট কম ডট এইউ। ফক্স ক্রিকেট ও কায়ো স্পোর্টস এবারের সিরিজটি অস্ট্রেলিয়ায় সরাসরি সম্প্রচার করবে। অস্ট্রেলিয়া সিরিজের আগে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের।
