অস্ট্রেলিয়ার বিপক্ষে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টোয়েন্টি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আজ শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
ঢাকায় ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। সে কারনে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামে টাইগাররা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করতে হয় বাংলাদেশকে।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। তবে অস্ট্রেলিয়ার স্পিনে কাবু হয়ে ১৯ ওভারে অলআউট হবার আগে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় আটবার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০২১ সালে মিরপুরে অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করার মিশনে প্রথম ম্যাচের একাদশ ধরে রাখার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।
