ভক্তদের চাপে বিশ্বকাপের ম্যাচের জন্য যাতায়াত খরচ কমালো কতৃপক্ষ । যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ম্যাচে ট্রেন ও বাসে যাতায়াতের খরচ কমানো হয়েছে। ভক্তদের তীব্র সমালোচনার পর শেষ পর্যন্ত মূল্য কমাতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্রেনের টিকিট ১৫০ ডলার থেকে কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে। শাটল বাসের ভাড়াও ৮০ ডলার থেকে কমিয়ে ২০ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে এই দামকে “অস্বাভাবিক” বলে সমালোচনা করেন ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের নেতা থমাস ক্যাননন। তার মতে, এই মূল্য সাধারণ যাতায়াত খরচের তুলনায় একেবারেই অতিরিক্ত।
বিশ্বকাপ চলাকালে মেটলাইফ স্টেডিয়ামের নাম হবে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। ফিফার নীতিমালা অনুযায়ী করপোরেট স্পনসরশিপভিত্তিক নাম ব্যবহার করা হবে না। এই ভেন্যুতে ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ইংল্যান্ডের গ্রুপ পর্বের একটি ম্যাচও আছে।
ম্যানহাটনের পেন স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত সাধারণ রিটার্ন ট্রেন ভাড়া যেখানে ১২.৯০ ডলার, সেখানে বিশ্বকাপের জন্য এত বেশি দাম নির্ধারণে সমালোচনা আরও বেড়ে যায়। নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও ফিফার অবস্থানের সমালোচনা করে বলেন, স্থানীয় করদাতাদের দিয়ে এই খরচ বহন করানো উচিত নয়।
রাশিয়া ও কাতার বিশ্বকাপে যাতায়াত ছিল বিনামূল্যে। ২০১৮ সালের আয়োজক চুক্তিতেও যুক্তরাষ্ট্র একই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০২৩ সালে চুক্তিতে পরিবর্তন এনে সমর্থকদের যাতায়াত খরচমূল্যে ভ্রমণের সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।
সমালোচনার জবাবে ফিফা দাবি করে, মেটলাইফ স্টেডিয়ামে বড় কোনো ইভেন্টে যাতায়াতের দাম বাড়ানোর নজির নেই। তবে শেষ পর্যন্ত চাপের মুখে টিকিট ও বাসভাড়া কমানো হয়।
শেরিল সামাজিক মাধ্যমে জানান, বাণিজ্যিক স্পনসরশিপের কারণেই ৩০ মিনিটের ট্রেন যাত্রার দাম কমানো সম্ভব হয়েছে। তিনি নিউ জার্সির করদাতাদের টাকা ব্যবহার না করেই টিকিটের দাম ৯৮ ডলারে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানান।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকলও বলেন, বিশ্বকাপে যাতায়াত যতটা সম্ভব সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। তিনি আরও জানান, বাস টিকিটের দাম ৭৫ শতাংশ কমানো হয়েছে এবং ২০ শতাংশ টিকিট নিউইয়র্কবাসীর জন্য সংরক্ষিত থাকবে।
তবে সব জায়গায় স্বস্তি আসেনি। বস্টনের ফক্সবোরোতে যাতায়াত খরচ ৩০০ শতাংশের বেশি বেড়েছে বলে জানা গেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড সমর্থকদের ওপর এর প্রভাব পড়বে বেশি। ইংল্যান্ড ২৩ জুন ঘানার বিপক্ষে এবং ২৭ জুন মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে খেলবে। স্কটল্যান্ডও হাইতি ও মরক্কোর বিপক্ষে তাদের দুটি ম্যাচ খেলবে ফক্সবোরোতে।
অন্যদিকে কানসাস সিটিতে রিটার্ন বাস টিকিট ১৫ ডলারে রাখা হয়েছে। ফিলাডেলফিয়ায়ও বিশ্বকাপ চলাকালে সাধারণ ভাড়া ২.৯০ ডলারই অপরিবর্তিত থাকবে।
