বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন : সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন- সরফরাজ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফিরবেন- সরফরাজ, ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর আজম রানে ফিরবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের হেড কোচ সরফরাজ আহমেদ। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফর্মের তুঙ্গে আছেন বাবর।

আগামী মাসের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর রানে ফেরার সুযোগ পাবেন। এই সফরে দুই টেস্ট খেলবে পাকিস্তান দল। পিএসএলে দারুণ ছন্দে আছেন বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে সবশেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক। তাতে ফাইনাল নিশ্চিত করেছে তার দল।

চলমান পিএসএল আসরে বাবর ওপেনিং করে রানের ফোয়ারা ছুটিয়েছেন। ১০ ইনিংস ব্যাট করে দুটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। ১৪৬.২৬ স্ট্রাইকরেট ও ৮৪.০০ গড়ে তার রান ৫৮৮। এবার সর্বাধিক রানই তার।

পিএসএলে বাবরের ব্যাটে রানের ফোয়ারা, ছবি : ক্রিকইনফো

বাবরের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। গত কয়েক মাস ধরে নিজের মতো করে পারফর্ম করতে পারছিলেন না বাবর। জাতীয় দলেও সুবিধা করতে না পারায় দল থেকেও বাদ পড়তে হয় তাকে। তবে এবার চলমান পিএসএল দিয়ে স্বরূপে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

সেজন্য বাবরকে নিয়ে সফরাজ বলেন, ‘বাবর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ব্যাটিং টেকনিক। বাবর আবারও রান পাচ্ছেন এবং কারিগরিভাবেও তাকে এখন অনেক বেশি ‘সলিড’ মনে হচ্ছে।’

বাংলাদেশের বিপক্ষে টেস্টে বাবর

আগামী মাসের শুরুতেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান টেস্ট দল। এই স্কোয়াডে আছেন অভিজ্ঞ বাবর। তাই আসন্ন এই সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটেও ফর্মে ফিরবনে বাবর এমনটাই আশা সরফরাজের। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে তিনি রান পেলেও টেস্ট দলে যোগ দেওয়ার পর তার নির্দিষ্ট ভূমিকা কী হবে, তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে।’

বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলেছেন বাবর। আট ইনিংস ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৩.৭১ গড়ে ৩০৬ রান। তবে বাংলাদেশের মাটিতে ৩ ইনিংসে মাত্র ৯৯ রান করেছেন একটি অর্ধশতকে।

টেস্টে রানে ফেরার অপেক্ষায় বাবর, ছবি : সংগৃহীত

আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প করবে পাকিস্তান দল। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান টেস্ট স্কোয়াড। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।

আসন্ন এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে দুই দলের জন্যই এটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

Exit mobile version