পাকিস্তান সুপার লিগে পিএসএলে আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম। আসরে দ্বিতীয় সেঞ্চুরি উপহার দিয়ে রেকর্ডের একটি পাতায় নাম লেখালেন এই তারকা ব্যাটসম্যান। মঙ্গলবার রাতে করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ১০৩ রানের চমৎকার ইনিংস খেলেন বাবর। ৫৯ বলের ইনিংসটি চারটি ছক্কা ও ১২টি চারে সাজান পেশাওয়ার জালমি অধিনায়ক।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে মোট চারটি সেঞ্চুরি করলেন বাবর। এই প্রতিযোগিতায় তার চেয়ে বেশি শতক করতে পারেননি কেউ। তার সমান চারবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন কেবল একজন, উসমান খান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে ১৩টি সেঞ্চুরি করলেন বাবর। এই সংস্করণে সবচেয়ে বেশি শতক করার তালিকায় তার অবস্থান আগে থেকেই দ্বিতীয়। ২২টি সেঞ্চুরি করে সবার ওপরে ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল।
পিএসএলে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে চলেছেন বাবর। লাহোর কালানাদার্সের বিপক্ষে আগের ম্যাচেও ৫৯ রান করেন তিনি। এর আগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান।
১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে এবারের আসরে এখন পর্যন্ত ৫৮৮ রান করেছেন বাবর। পিএসএলের এক আসরে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২১-২২ মৌসুমে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন ফাখার জামান। তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার দারুণ সুযোগ বাবরের সামনে।
এদিন ইনিংসের চতুর্থ বলে চার মেরে রানের খাতা খোলেন বাবর। তৃতীয় ওভারে রিচার্ড গ্লিসনকে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে সালমান মির্জাকে মারেন তিনটি চার। ৩৮ বলে ফিফটিতে পা রাখেন পেশাওয়ার ওপেনার।
পঞ্চাশ ছোঁয়ার পর রানের গতিতে আরেকটু দম দেন বাবর। শাদাব খানের লেগ স্পিনে দুটি ছক্কায় ওড়ান তিনি। ১৭তম ওভারে ফাহিম আশরাফকে তিনটি চার মেরে নব্বইয়ে পৌঁছে যান অভিজ্ঞ ব্যাটসম্যান। পরের ওভারের তৃতীয় বলে গ্লিসনকে চার মারেন বাবর। এক বল পর ছক্কায় উড়িয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। পরের ওভারেই বাজে বাবরের বিদায় ঘণ্টা। সালমানের বলে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।
মোহাম্মদ হারিসকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন বাবর। পরে কুসাল মেন্ডিসের সঙ্গে গড়েন ৮৪ রানের যুগলবন্দি। হারিস ৩৫ ও মেন্ডিস ৪১ রান করেন। তাদের নৈপুণ্যে ৭ উইকেট ২২১ রান তোলে পেশাওয়ার। পিএসএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বাবরের।
