বাবরও নাহিদের মুখোমুখি হতে চাইবে না!

বাবরও নাহিদের মুখোমুখি হতে চাইবে না!

বাবরও নাহিদের মুখোমুখি হতে চাইবে না! পাকিস্তান সুপার লিগ পিএসএলে সতীর্থ ছিলেন বাবর আজম ও নাহিদ রানা। তবে ক’দিন পরই দুইজন হয়ে উঠবেন প্রতিপক্ষ। দুটি টেস্ট খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নাহিদ-বাবর যে ভিন্ন দলে। 

পিএসএলে যে নাহিদ হয়ে উঠেছিলেন বাবরের তুরুপের তাস, সেই নাহিদই আন্তর্জাতিক সিরিজে কঠিন পরীক্ষা নিতে পারেন বাবরের। তাই বাবর নিশ্চয়ই নাহিদের মুখোমুখি হতেই চাইবেন না। নাহিদ কতটা ভয়ংকর বোলার, তা তো পেশোয়ার জালমির অধিনায়কের বেশ ভালো করেই জানা! 

পিএসএল জয়ের পর টিভি পর্দায় সাক্ষাৎকার দিচ্ছিলেন নাহিদ রানা ও তার সতীর্থ, জয়ের অন্যতম নায়ক অ্যারন হার্ডি। এ সময় হার্ডি নাহিদকে নিয়ে বলেন, ‘আমার পাশের এই ছেলেটা পিএসএলে ফিরে এসেই রকেট গতিতে বল করেছে। মাত্র ৩ দিন আগে এসেছে। খুব দ্রুত বল করেছে। করাচিতে দেখেছিলাম সে ১৫১ কিমি গতিতেও বল করেছে। ব্যাটারদের জন্য নাহিদ রানা ভয়ংকর। সামনে টেস্ট সিরিজ আছে, বাবর আজম নিশ্চয়ই ওকে ফেইস করতে চাইবে না। ফ্রেন্ডলি রাইভারলি হবে।’

নাহিদ আগের আসরেও ছিলেন পেশোয়ারে। তবে ম্যাচ খেলা হয়নি। এবার খেলার সুযোগ পেয়েই বাজিমাত। হার্ডিকে পাশে রেখে তিনি বলেন, ‘অনেক উপভোগ করেছি। গত বছর এসে ম্যাচ খেলতে পারিনি। এবার ম্যাচ খেলতে পেরেছি। এবার ম্যাচ খেলায় অনেক উপভোগ করেছি। চেষ্টা করেছি আমার প্ল্যান এক্সিকিউট করতে এবং প্ল্যান কাজে লাগাতে। আমি অনেক খুশি।’

লাহোরে রোববার রাতে হায়দরাবাদ কিংসমেনের ১২৯ রান ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় জালমি। ফাইনালে সপ্তম ওভারে ২ উইকেটে ৭১ রানের শক্ত অবস্থানে ছিল কিংসমেন। তবে নাহিদ রানা, অ্যারন হার্ডিদের দুর্দান্ত বোলিংয়ে পথ হারিয়ে দুই ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তারা। ৪৮ রানের মধ্যে হারায় শেষ ৭ উইকেট।

নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও, পরের তিন ওভারে একটি মেডেনে স্রেফ ৯ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট নেন নাহিদ। চার ওভারে ২২ রানে ২ উইকেট শিকার করেন বাংলাদেশের ফাস্ট বোলার।

অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের নায়ক হার্ডি। বোলিংয়ে চার ওভারে ২৭ রানে ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ৯ চারে ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। পিএসএলে জালমির দ্বিতীয় শিরোপা এটি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা ২০১৭ সালে দ্বিতীয় আসরে।

Exit mobile version