শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ চূড়ান্ত!

বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি আজ

সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের একাদশ চূড়ান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপটে জয়ে বেশ আত্মোবিশ্বাসী টাইগাররা। প্রথম ম্যাচে রেকর্ড গড়ে নিজেদের উজাড় করে হৃদয়জুড়ানো জয়। ব্যাটিংয়ে এমন ইস্পাতকঠিন দৃঢ়তাটা বাংলাদেশের চাই-ই চাই।

যত বেশি ম্যাচে সম্ভব তত বেশি ম্যাচেই চাই। অধুনিক ক্রিকেটে এমন ব্যাটিং দেখতে চায় ক্রিকেট ভক্তরা।কিউইদের বিপক্ষে সিরিজটা জিততে হলে আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই। সাথে বুদ্ধি আর কৌশল মিলিয়ে স্মার্ট ব্যাটিং দরকার টাইগার ব্যাটিং ইউনিটের। ম্যাচের সাথে সিরিজ জয়ের সূত্রটা তাতেই হয়ত খুঁজে পাবে বাংলাদেশ।

বোলাররা বরাবরই স্বস্তি দিয়েছেন বাংলাদেশকে। স্পিন ইউনিটে রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানদের সাথে তিন পেসার রিপন মণ্ডল, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব প্রথম ম্যাচে ভালোভাবেই পালন করেছেন নিজেদের দায়িত্ব।

একাদশে বাংলাদেশের বদল আনার সম্ভাবনা তাই খুব কম। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে তৃতীয় ম্যাচে বেঞ্চের কাউকে বাজিয়ে দেখতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পেসারদের মধ্যে কাউকে বসিয়ে খেলানো হতে পারে আবদুল গাফফার সাকলাইনকে।

এর বাইরে একাদশে বদল আনার আর তেমন জায়গা নেই। মিরপুরের উইকেটে যদি স্পিন একটু বেশি ধরে সেক্ষেত্রে কার্যকরী হয়ে উঠতে পারেন নাসুম আহমেদ। মেহেদী বা রিশাদকে বসিয়ে তাই নাসুমকেও খেলাতে পারে বাংলাদেশ। তবে অপরিবর্তিত একাদশের সম্ভাবনাই বেশি।

নিউজিল্যান্ডের একাদশে ঢুকতে পারেন জেডন লেনক্স। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হতে পারে ইশ সোধিকে। প্রথম ম্যাচে শুরুর দিকে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ছন্দে ছিল নিউজিল্যান্ড। দুই দলের জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়।

তবে চট্টগ্রামের মত ঢাকাতেও বাগড়া দিতে পারে বৃষ্টি। উইকেট সচরাচর মিরপুর ঘরানার হওয়ার সম্ভাবনাও বেশ কম। ব্যাট-বলের সমান লড়াইটা জিতে সিরিজ জয়ের অভিযানে সফল হওয়ার অপেক্ষায় টিম টাইগার্স। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

Exit mobile version