ওয়ানডে র্যাঙ্কিংয়ে স্বস্তিতে বাংলাদেশ । গত মার্চে ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে র্যাংকিংয়ে স্বস্তি পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় থাকলেও আগের চেয়ে ১ পয়েন্ট হারিয়েছে রোহিত শর্মার দল। ১১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড এবং ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।
আইসিসির এই বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচ গুলোকে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ফলাফলকে বিবেচনা করা হয়েছে ৫০ শতাংশ হারে। র্যাঙ্কিংয়ের বড় পরিবর্তন এসেছে চার নম্বর পজিশনে। ১০২ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে সেরা চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। তালিকার পরবর্তী তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি; শ্রীলঙ্কা (৯৬), আফগানিস্তান (৯৩) এবং ইংল্যান্ড (৮৯) আছে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে।
র্যাঙ্কিংয়ে স্বস্তির অবস্থান বাংলাদেশের
ওয়ানডে র্যাঙ্কিংয়ে স্বস্তিতে বাংলাদেশ , ৮৪ পয়েন্ট নিয়ে তারা নবম স্থান ধরে রেখেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৭৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকলেও বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান আগের চেয়ে বেড়েছে। আগে এই ব্যবধান ৬ পয়েন্ট থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে। ২০২৭ বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশনের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ-উভয় দলের জন্যই এই ব্যবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ২০২৭ সালের ৩১ মার্চ তারিখের র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক হওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতিমধ্যেই সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে।
এই হিসেবে দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট-এর মধ্যে থাকে, তবে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য নয় নম্বর স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। (যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ আট-এর কোটা পূরণ করলে সেই জায়গাটি খালি হবে এবং নয় নম্বর দল সরাসরি সুযোগ পাবে)।
র্যাঙ্কিংয়ের নিচের দিকেও কিছু রদবদল হয়েছে। ৫৪ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়েকে (৫৩) টপকে ১১তম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। ৪৬ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডকে (৪৪) পেছনে ফেলে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কানাডাকে টপকে ১৯তম স্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















