টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও আশা জাগিয়ে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ। জিততে শেষ ছয় বলে প্রয়োজন ১৪ রান। কিন্তু সেই রানও করতে পারেনি নিগার সুলতানার দল। গতকাল সিলেটে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩ রানে জিতেছে শ্রীলঙ্কা নারী দল।

৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৭ রান করে স্বাগতিকদের ৮৪ রানে আটকে রেখেছে সফরকারীরা। একই মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২১ রানে জিতেছিল লঙ্কান মেয়েরা।

বৃষ্টির কারণে ওভার কমে যাওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম তিন ওভারেই ৪০ রান তুলে ফেলেন শ্রীলঙ্কার দুই ওপেনার চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানি। চারটি চারে ১০ বলে ১৯ রান করা ইমেশাকে চতুর্থ ওভারে ফিরিয়ে ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সুলতানা। ১০ রানের মধ্যে আরও তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে দলের রান বাড়ান আতাপাত্তু। একটি ছক্কা ও পাঁচটি চারে ২৭ বলে ৪১ রান করেন লঙ্কান অধিনায়ক। পরে বল হাতেও আলো ছড়ান তিনি। ২ ওভারে ১৫ রান দিয়ে ২ শিকার ধরে হন ম্যাচের সেরা। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

জবাবে দুটি চার মেরে দ্বিতীয় ওভারে ফিরে যান দিলারা আক্তার। দলকে টানেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তাদের ৩০ রানের জুটির ভাঙে পঞ্চম ওভারে। একটি করে ছক্কা-চারে ইনিংসের সর্বোচ্চ ২১ রান করা সোবহানা ফেরেন পরের ওভারেই। এরপরও সম্ভাবনা ছিল বাংলাদেশের। ক্রিজে তখনও ছিলেন নিগার, স্বর্ণার মতো ব্যাটার। কিন্তু তারা কেউ পারেননি দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে। শেষ ওভারে কিছুটা রোমাঞ্চ জাগে সুলতানার ব্যাটিংয়ে। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় বাংলাদেশের মেয়েদের। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৯ ওভারে ৮৭/৬

বাংলাদেশ: ৯ ওভারে ৮৪/৬

ফল: শ্রীলঙ্কা ৩ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী শ্রীলঙ্কা

প্লেয়ার অব দা সিরিজ: চামারি আতাপাত্তু

Exit mobile version