অলিখিত ফাইনালে ব্যাট-বলে দাপটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে নির্ধারতি ৫০ ওভারে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৪৪ ওভার পাঁচ বলে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
এদিন অবশ্য, টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভলো হয়নি বাংলাদেশের। চেনা মাঠে ব্যাটিংয়েং নেমে দ্রুত ২ উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। ২ বলে শূন্য রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৫ বলে ১ রান করে দলের ৯ রানে।
এরপর ক্রিজে জুটি বাঁধেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে যায় দলের ইনিংস। সৌম্য ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ২৮ বলে ১৮ রান করে দলের ৩২ রানে বিদায় নেন সৌম্য।
সৌম্যর বিদায়ের পর শান্তর সাথে যোগ দেন লিটন দাস। এরপর ঠান্ডা মাথার ব্যাটিংয়ে এগিয়েছেন শান্ত-লিটন। উইকেটের চারপাশে শট খেলে বের করেছেন রান। ফিফটি ছুঁয়েছেন শান্ত-লিটন উভয়েই।
শান্ত ছুটেছেন সেঞ্চুরির দিকে। ফিফটি ছুঁয়ে এগিয়েছেন লিটনও। দলের ১৯২ রানের সময় আউট হওয়ার আগে ৯১ বলে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন লিটন। তবে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত। দলের ২২১ রানে আউট হওয়ার আগে ১১৯ বলে ১০৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।
শেষ দিকে কিছুটা কমেছে দলের রানের গতি। ছয়ে নামা তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেছেন ১৮ বলে ২২ রানের ইনিংস। ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন উইল ও’রুর্ক। দু’টি করে উইকেট নিয়েছেন বেন লিস্টার ও জেডেন লেনক্স।
নিউজিল্যান্ডের টার্গেট ২৬৬ রান:
২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। ওপেনার হেনরি নিকোলস ১০ বলে ৪ রান করে বিদায় নেন। কিউইদের দলীয় সংগ্রহ তখন ৮ রান। এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন নিক কেলি এবং উইল ইয়ং। ভালো শুরুর পরেও ইয়ং থেমেছেন ২৫ বলে ১৯ রান করে।
তাকে ফিরিয়েছেন গতি তারকা নাহিদ রানা। এর আগে নিকোলসকে ফিরিয়ে উইকেটের খাতা খুলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো করা টম ল্যাথাম এবার ছিলেন সুপার ফ্লপ। আগের দুই ম্যাচে সুবিধা করতে না পারা ল্যাথাম তৃতীয় ওয়ানডেতে ১৩ বলে ৫ রান করেছেন। তাকে ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কেলি হাঁকান ফিফটি।
যদিও ফিফটির পর বেশিদূর আগাতে পারেননি। ৫৯ রানে বিদায় নিয়েছেন কেলি। মাঝে কিছুটা লড়াই চালিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং ডিন ফক্সক্রফট। ৩৬ বলে ২৫ রান করা আব্বাস থামেন দলীয় ১২৪ রানে।
শেষ দিকে একাই লড়াই চালিয়ে গেছেন ফক্সক্রফট। বাকিরা কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২১০ রান করে থেমেছে নিউজিল্যান্ড। ৫৫ রানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতে নিল ২-১ ব্যবধানে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদি মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
টস : নিউজিল্যান্ড
বাংলাদেশ: ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ তামিম ১, সৌম্য সরকার ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মেহেদি মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মোস্তাফিজ ৩ ও অতিরিক্ত ৬)
নিউজিল্যান্ড: ২১০/১০ (৪৪.৫ ওভার)
ফল : বাংলাদেশ ৫৫ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ : নাজমুল হোসেন শান্ত।
