বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ

ওয়ানডে সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট পাওয়া শরীফুল

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আজ স্বাগতিক দলের টিকে থাকার লড়াই। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে একটাই মাত্র পথ। জয়ের পথ। অন্যদিকে এগিয়ে থাকা সফরকারীদের সামনে আগেভাগে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় দুপুর ২.৪৫ মিনিটে মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের টিকে থাকার সেই লড়াই।

দ্বিতীয় সারির এক দল বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। শীর্ষ ক্রিকেটাররা বিভিন্ন লিগে ব্যস্ত থাকায় কম শক্তির দল নিয়ে লড়তে হচ্ছে তাদের। তারপরও প্রথম ম্যাচে তারা দারুণ লড়েছে।

ফিরতে পারেন মোস্তাফিজুর

দ্বিতীয় ম্যাচে এসে মধুর এক সমস্যায় পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একাদশে থাকার কথা ছিল না পেসার শরীফুল ইসলামের। ডান হাঁটুতে মোস্তাফিজুর রহমান অস্বস্তি বোধ করায় শেষ মূহুর্তে শরীফুলের ডাক পড়ে। দারুণভাবে জবাবও দিয়েছেন তিনি। ১০ ওভার বোলিংয়ে ২৭ রানে শিকার দুই উইকেট। এমন পারফরম্যান্সের পরও আজ তার খেলা নিয়ে শঙ্কা। মোস্তাফিজুরের জন্য তাকে হয়তো জায়গা ছেড়ে দিতে হবে।

শরীফুল রবিবার সে কথাই বললেন সংবাদ সম্মেলনে-পেশাদার ক্রিকেটার হিসেবে ১৫ জনের দলে আছি। দলের সবাই ম্যাচ খেলতে প্রস্তুত আছি। এখন সিদ্ধান্ত কোচ নেবেন।

পেস বোলিং মূল শক্তি

মূলত বোলিংয়ে বাংলাদেশের শক্তির জায়গাটা এই পেস বোলিং। মোস্তাফিজুর, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা। গত এক বছরে অন্তত ১০ ওয়ানডে খেলেছে এমন দলগুলোর মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম রান দিয়েছে বাংলাদেশের পেসাররা। দলের জয়েও ভূমিকা রেখেছেন পেসাররা।

আউট হয়ে হতাশ কিউই ব্যাটার

বাংলাদেশের মতো সফরে আসা নিউজিল্যান্ডেরও শক্তি তাদের পেসাররা। গত এক বছরে ওয়ানডেতে সবচেয়ে ভালো বোলিং গড় তাদের। এখানেও সেই ধারাবাহিকতা তারা ধরে রেখেছে। যদি শীর্ষ বোলারদের বেশিরভাগই অনুপস্থিত। দ্বিতীয় সারির বোলারদের দাপটে বাংলাদেশের ব্যাটাররা প্রথম ম্যাচে অনেকটা অসহায় আত্মসমর্পন করেছন। ভিন্ন কন্ডিশনে বোলিংটা উপভোগ করছেন কিউই পেসাররা।

এমন উইকেটে খেলতে চায় নিউজিল্যান্ড

সংবাদ সম্মেলনে পেসার নাথান স্মিথ বলেন, আমাদের জন্য সহায়ক নয়, এমন উইকেটে আমরা খেলতে চাই। বুঝতে চাই, কিভাবে এসব উইকেটে কার্যকর ভূমিকা রাখা যাবে। বাংলাদেশে এসে এমন চাপ মানিয়ে নেওয়া আমাদের জন্য স্বস্তির বিষয়।

আজ ভিন্ন উইকেটে খেলতে হতে পারে নিউজিল্যান্ডকে। গতকাল উইকেট দেখেই তা আঁচ করেছেন তারা। এ ব্যাপারে স্মিথ বলেন, দ্বিতীয় ম্যাচের জন্য যে উইকেট তৈরি হচ্ছে তা মনে হচ্ছে পাকিস্তান সিরিজের মতো হবে। যদি ভুল না করে থাকি তাহলে উইকেটে কিছুটা গতি থাকবে।

Exit mobile version