আগামী ৪ এপ্রিল (শনিবার) গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বোর্ড কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হবে এই সভা। বিসিবির পরিচালকরা এতে অংশ নেবেন। যারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য অনলাইনে যুক্ত থাকার সুযোগও রাখা হয়েছে।
আসন্ন এই সভার মূল আলোচ্য বিষয় হিসেবে থাকছে ঢাকার ক্লাব ক্রিকেটের বর্তমান অচলাবস্থা। দীর্ঘদিন ধরে ক্লাব সংগঠকদের সঙ্গে বোর্ডের মতবিরোধের কারণে কোনো কার্যকর সমাধান সামনে আসেনি। যা দেশের ক্রিকেট কাঠামোর জন্য উদ্বেগজনক। এ অবস্থায় সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব বিসিবিকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে খেলোয়াড়দের স্বার্থ ও ঘরোয়া ক্রিকেট চালুর বিষয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। বোর্ড সভায় সেই চিঠির বিষয়বস্তু এবং তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়াও নিয়মিত এজেন্ডার অংশ হিসেবে বোর্ডের বিভিন্ন প্রশাসনিক বিষয়ও আলোচনায় আসবে। আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়েও আলোচনা হবে। বিশেষ করে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জাতীয় দলের কার্যক্রম, ভেন্যু প্রস্তুতি এবং লজিস্টিক ব্যবস্থাপনা নিয়েও আলাপ হতে পারে বলে জানা গেছে।
সভায় আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করা আমজাদ হোসেন এর সাম্প্রতিক পদত্যাগ। তার পদত্যাগ গ্রহণ, নতুন পরিচালক মনোনয়ন বা অন্যান্য প্রশাসনিক বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বৈঠক থেকে।
এখন থামেনি নির্বাচনী বিতর্ক
এদিকে বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরেও বিতর্ক এখনো পুরোপুরি থামেনি। এই ইস্যুতে জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং বিসিবির বেশ কয়েকজন পরিচালকের সাক্ষাৎকারও নিয়েছে। যদিও এই তদন্তের বিষয়টি বোর্ড সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে থাকবে কি না, সেই বিষয়টি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
গেল বছরের নির্বাচনের পর থেকেই পরিচালনা পর্ষদ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল- এর নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের দ্বন্দ্ব বাড়ছেই। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটে। ফলে ঢাকার ক্লাব ক্রিকেট কার্যত স্থবির হয়ে গেছে। এমনকি দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টগুলোর একটি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সব মিলিয়ে, আসন্ন এই বোর্ড সভা বিসিবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার ক্লাব ক্রিকেটের স্থবিরতা কাটানো, খেলোয়াড়দের আস্থা ফিরিয়ে আনা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দিকে সবার নজর থাকবে। এই সভার সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ পথচলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















