আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি নিয়ে বিসিবির ব্যাখ্যা

আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি নিয়ে বিসিবির ব্যাখ্যা

আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড মিটিংয়ে প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা গেলেও বাংলাদেশ থেকে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল যাননি। বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হওয়ার ফলে এবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা আহমেদাবাদে। যেখানে বর্তমান চলছে আইপিএলের ফাইনাল। বোর্ড মিটিংয়ে প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের বোর্ড কর্তারা গেলেও বাংলাদেশ থেকে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল যাননি। বিএনপি সরকার ক্ষমতায় এসে আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে সরিয়ে দেয়।  

বর্তমানে বিসিবির দায়িত্বে আছে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি। বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হওয়ার ফলে এবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। আইসিসিতে প্রতিনিধি মনোনয়ন করা হবে বিসিবি নির্বাচনের পরে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। যেখানে অংশ নিচ্ছেন তামিমসহ অ্যাড-হক কমিটির অনেকেই।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানাতে চায় যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বিসিবির প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর। এই নির্বাচন প্রক্রিয়া ৭ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।’

বিসিবি আরও জানিয়েছে, ‘এছাড়া, বিসিবি অবগত রয়েছে যে আইসিসির একটি প্রতিনিধি দল আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সফরে আসতে পারে। সফরকালে প্রতিনিধি দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।’

৭ জুন নির্বাচন শেষে ২৫ জন নির্বাচিত পরিচালক নিয়ে গঠন করা হবে বিসিবির পরিচালনা পর্ষদ।

Exit mobile version