বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা

আনফিট লুকাকুও আছেন

বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা

বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা, ছবি : সংগৃহীত

রোমেলু লুকাকুকে নিয়েই বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ রুডি গার্সিয়া। তিনি নিজেই জানিয়েছিলেন ৩৩ বছর বয়সি লুকাকু আনফিট। এরপরও অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন তিনি।

বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণার সময় কোচ গার্সিয়া বলেছেন,‘রোমেলু সুস্থ হয়ে উঠেছে, কিন্তু সে ম্যাচ খেলার মতো ফিটনেস বা ফর্মে নেই । আমি নিশ্চিতও নই যে সে শুরু থেকেই ম্যাচগুলো খেলতে পারবে কি না। তবে সে আমাদের সেরা স্ট্রাইকার, বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’  দেশের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচ খেলে ৮৯ গোল করেছেন লুকাকু। এই গোলমেশিনকে সেজন্যই দলে  রাখা হয়েছে সেটিই এই ফরাসি কোচ বুঝিয়ে দিয়েছেন।

লুকাকুকে নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দল ঘোষণা

ইন্টার মিলান ও চেলসির ৩৩ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড লুকাকু ২০২৬ সালে মাত্র ৬৯ মিনিট খেলেছেন এবং বর্তমানে নিতম্বের চোটে মাঠের বাইরে রয়েছেন। তিনি চলতি মৌসুমে সিরি ‘এ’ ক্লাব নাপোলির হয়ে ফর্ম ও ফিটনেস খুঁজে পেতে বেশ সংগ্রাম করছেন।

আনফিট হয়ে দলে আছেন লুকাকু, ছবি : সংগৃহীত

গার্সিয়া তাকে নিয়ে আরও বলেছেন,‘তাকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে। যাতে সে ধীরে ধীরে দলের জন্য সহায়ক হয়ে উঠতে পারে সেই চেষ্টা আমরা করব।’

ফরাসি ক্লাব লিঁল ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো জাতীয়তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমবারের মতো বেলজিয়াম দলে ডাক পেয়েছেন। এর আগে তিনি স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন।

বেলজিয়ামের হয়ে৩৩টি ম্যাচ খেলা লুইস ওপেন্দা এবারের স্কোয়াডের একটি উল্লেখযোগ্য অনুপস্থিতি। আরবি লাইপজিগ থেকে ধারে জুভেন্টাসে গিয়ে চলতি মৌসুমে সিরি ‘এ’ আসরে ২৪ ম্যাচে মাত্র একটি গোল করার পর দল থেকে বাদ পড়েছেন তিনি।

দল ঘোষণা করছেন রুডি গার্সিয়া, ছবি : সংগৃহীত

গার্সিয়ার ২৬ সদস্যের এই স্কোয়াডে কেভিন ডি ব্রুইন, থিবো কোর্তোয়া এবং জেরেমি ডোকু—সবাই অন্তর্ভুক্ত হয়েছেন। নটিংহাম ফরেস্টের মাৎস সেলস স্কোয়াড থেকে বাদ পড়েছেন। অন্যদিকে, এক বছর আগে জাতীয় দল ত্যাগ করার পর আল-কাদসিয়াহর কোয়েন কাস্তেলস এখনও দলের বাইরেই রয়েছেন।

চেলসি থেকে ধারে খেলা মাইক পেন্ডার্স তার প্রথম বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। দুই মিডফিল্ডার পারমার ম্যান্ডেলা কেইটা এবং মার্সেইয়ের আর্থার ভার্মিরেন বাদ পড়েছেন । নিকোলাস রাস্কিন এবং অ্যাক্সেল উইটসেল চমক হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী ১৫ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘জি’-তে থাকা দলটি লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে যথাক্রমে ইরান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।

ডিফেন্ডার : টিমোথি কাস্তানিও, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেল, থমাস মিউনিয়ার, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিলেমানস, হ্যান্স ভানাকেন ও অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড : চার্লস ডি কেটেলিয়ারে, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিও, ডিয়েগো ম্যুরেইরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়েন্দ্রো ট্রোসার্ড।

Exit mobile version