গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে

গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে

গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে, ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে উঠে এসেছে। শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাই-স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচ উইকেটে হারিয়ে দেয় গুজরাট টাইটান্সকে। গুজরাটের হয়ে সাই সুদর্শনের সেঞ্চুরি বিফলে যায়।

সপ্তম ম্যাচে গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই নম্বরে উঠেছে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে। আর গুজরাট সমান ম্যাচে চতুর্থ হারে এখন আছে সাত নম্বরে। এদিন আগে ব্যাট করে সুদর্শনের শতকে ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ২০৫ রান তোলে তারা।

সুদর্শন সেঞ্চুরি হাঁকান, ছবি : ক্রিকইনফো

ওপেনিং জুটিতেই ১২৮ রান করেন সুদর্শন আর শুবমান গিল। সুদর্শন দ্রুতগতির হলেও গিল ছিলেন কিছুটা ধীর। ২৪ বলে ২টি চার, ১টি ছয়ে ৩২ রানে বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেটে জস বাটলারের সঙ্গে আরও ৩২ রান যোগ করেন সুদর্শন।

৫৮ বলে ১১ চার, ৫টি ছয়ে ১০০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার এমন ইনিংসেই বড় সংগ্রহ পায় গুজরাট। বাটলার ১৬ বলে ২টি চার, ১টি ছয়ে ২৫ ও জ্যাসন হোল্ডার ১০ বলে ১টি চার ও ২টি ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন।

গুজরাটকে হারিয়ে বেঙ্গালুরু দুই

এই রান তাড়ায় নেমে বেঙ্গালুরু ২৬ রানেই জ্যাকব বেথেলের (১০ বলে ১৪) উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল ১১৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। পাডিক্কাল ২৭ বলে ২টি চার, ৬টি ছক্কায় ৫৫ রানে সাজঘরে ফিরলে বিচ্ছিন্ন হন তারা।

কোহলির সঙ্গে পাডিক্কাল ১১৫ রানের জুটি গড়েন, ছবি : ক্রিকইনফো

কোহলি অবশ্য আরও বড় করেছেন তার ইনিংস। ৪৪ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ৮১ রান করে হোল্ডারের পেসে বোল্ড হয়েছেন তিনি। কিন্তু জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। পরে আর বড় ইনিংস কেউ খেলতে না পারলেও তাই বেঙ্গালুরু ১৮.৫ ওভারে পাঁচ উইকেটে ২০৬ রান তুলে জয় ছিনিয়ে নিয়েছে।

ক্রুনাল পান্ডিয়া ১২ বলে ৩টি চার ও ১টি ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন। চার ওভারে ৪৯ রান দিলেও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান তুলে নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

গুজরাট- ২০৫/৩; ২০ ওভার (সুদর্শন ১০০, গিল ৩২, বাটলার ২৫, হোল্ডার ২৩*; ভুবনেশ্বর ১/৩১, সুয়াশ ১/৩৬, হ্যাজলউড ১/৪০)।

বেঙ্গালুরু- ২০৬/৫; ১৮.৫ ওভার (কোহলি ৮১, পাডিক্কাল ৫৫, ক্রুনাল ২৩*; রশিদ ২/৪৯, মানব ১/১৯. সিরাজ ১/২৫)।

ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা :  বিরাট কোহলি।

Exit mobile version