টি-২০’র আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

বাংলাদেশের বিপক্ষে টি-২০’র আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।

তবে শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল ইউনিট। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রিনকে স্বল্পমেয়াদি পুনর্বাসন ও পূর্ণ সুস্থতার জন্য পার্থে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে তিনি চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পাশাপাশি ভবিষ্যৎ আন্তর্জাতিক সিরিজ, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিও গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি ফিটনেস বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি নেওয়া হয়নি। গ্রিনের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই তিনি দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বিশেষ করে মিডল অর্ডারে তার উপস্থিতি এবং মাঝারি গতির বোলিং দলকে বাড়তি শক্তি জোগাত।

তবে তার পরিবর্তে দলে নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে ট্রাভিস হেডের পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল নিখিল চৌধুরীকে। ফলে বর্তমান স্কোয়াড নিয়েই চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর কিছুটা চাপে রয়েছে অজিরা। তাই টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ আত্মবিশ্বাসী অবস্থায় সিরিজ শুরু করতে চাইবে, কারণ সাম্প্রতিক সময়ে বড় দলের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। লজ্জার ইতিহাস গড়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় অজিরা।

আগামী ১৭ জুন শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

Exit mobile version