নেইমারকে প্রাথমিক বিশ্বকাপ দলে রাখছে ব্রাজিল দীর্ঘদিন ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখা না গেলেও আসন্ন বিশ্বকাপকে ঘিরে নেইমারকে নিয়ে আলোচনার শেষ ছিল না। কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পরও তার ভাগ্য বদলাতে সময় লেগেছে। তবে ভক্তদের জন্য এবার এসেছে স্বস্তির খবর। ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার।
শুধু নেইমার নন, প্রাথমিক তালিকায় জায়গা পেতে যাচ্ছেন চেলসির তরুণ তারকা এস্তেভাওও। এ তথ্য জানিয়েছেন ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ও গ্লোবোর সাংবাদিক ডিয়োগো দান্তাস।
ফিফার নিয়ম অনুযায়ী, আগামী সোমবার ১১ মে-র মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই তালিকা যাচাইয়ের কাজে ব্যবহার করবে ফিফা, তবে তা প্রকাশ করা হবে না। এরপর ১ জুনের মধ্যে কোচদের সেই তালিকা থেকে বেছে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে দিতে হবে।
চূড়ান্ত দলে কোনো খেলোয়াড় চোটে পড়লে পরিবর্তনের সুযোগ থাকবে। তবে নতুন যে খেলোয়াড়কে নেওয়া হবে, তার নাম অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে। আর ২ জুন সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসঙ্গে প্রকাশ করবে ফিফা। চাইলে দেশগুলো এর আগেও নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারবে।
ব্রাজিল ভক্তদের মূল অপেক্ষা এখন ১৮ মে নিয়ে। সেদিনই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেইমার যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন, তাহলে ২৬ সদস্যের চূড়ান্ত দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















