বাংলা নববর্ষের দিনেও বন্ধ থাকেনি ফেডারেশন কাপের খেলা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচগুলো সাধারণত শুক্র, শনি ও মঙ্গলবার অনুষ্ঠিত হলেও, পহেলা বৈশাখ মঙ্গলবার হওয়ায় খেলা বন্ধ থাকবে – এমনটা ভাবা হয়েছিল। কিন্তু সেই ধারনা ভুল প্রমাণ করে এদিনও মাঠে গড়ায় দু’টি ম্যাচ। আর এই ম্যাচগুলোর মধ্য দিয়েই দশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে সবার আগে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন।
‘এ’ গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন। এই গ্রুপের বাকি দলগুলোর পক্ষে আর ১০ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়, ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা নিশ্চিত করেছে নিজেদের অবস্থান। নিয়ম অনুযায়ী, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ব্রাদার্স খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ। সেই ম্যাচের বিজয়ী সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দলও পাবে আরেকটি সুযোগ। রানার্সআপদের মধ্যকার ম্যাচের জয়ী দলের সঙ্গে লড়াই করে ফাইনালে যাওয়ার।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ম্যাচের প্রথমার্ধে শক্ত রক্ষণভাগের প্রদর্শনী করে ফকিরেরপুল ব্রাদার্সকে গোলশূন্য রাখতে সক্ষম হয়। তবে বিরতির পর খেলার চিত্র বদলে যায়। ৭১ মিনিটে পাকিস্তানি মিডফিল্ডার মুহাম্মদ হায়ান খাত্তকের একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১-০ ব্যবধানে জয় পেয়ে টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ইউনিয়ন। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ফকিরেরপুলের।

দিনের অন্য ম্যাচটি অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচের ৩৩ মিনিটেই বড় ধাক্কা খায় রহমতগঞ্জ। এই সময় অধিনায়ক সলোমন কিং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দলটি ১০ জনে পরিণত হয় পুরান ঢাকার ক্লাবটি। তবে সংখ্যায় পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে অসাধারণ পারফরম্যান্স দেখায় তারা।
৫১ মিনিটে ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়েটাং রহমতগঞ্জকে এগিয়ে দেন। এরপর ৭২ মিনিটে জাভেদ আহমেদের গোলে ২-০ ব্যবধান নিশ্চিত হয়। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
আবাহনীর বিদায় ঘন্টা
তিন ম্যাচ শেষে রহমতগঞ্জের সংগ্রহ ৫ পয়েন্ট, যা তাদের অবস্থান দিয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। একই সংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পিডব্লিউডি। অন্যদিকে আবাহনী লিমিটেড তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
রহমতগঞ্জের সামনে এখন গুরুত্বপূর্ণ ম্যাচ ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে তারা ৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত করবে গ্রুপের রানার্সআপ অবস্থান। রহমতগঞ্জ তাদের শেষ ম্যাচে জয় পেলে টুর্নামেন্ট থেকে আবাহনীর বিদায় ঘন্টা বাজবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















