বাংলাদেশ জাতীয় ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য তামিমের ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতৃত্বদানকারী ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে বোর্ড চালু করছে একটি বিশেষ সম্মাননা ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’, যা ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে পরিচিত।
এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মানিত ক্রিকেটারদের হাতে এই বিশেষ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও দেশের ক্রিকেট অঙ্গনের অনেক পরিচিত মুখ এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে।
কার্ডটির সুবিধা সম্পর্কে বিস্তারিত উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি মূলত একটি আজীবন ‘এন্ট্রি পাস’ হিসেবে কাজ করবে। এই ‘ক্যাপ্টেনস কার্ড’ ব্যবহার করে কার্ডধারীরা দেশের যেকোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে তাদের আর আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে না। মূলত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার স্বীকৃতি ও সম্মান জানাতেই এই বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।
ইতিবাচক সংযোজন
এখন পর্যন্ত বিসিবি সাবেক অধিনায়কদের ম্যাচ দেখার জন্য টিকিট প্রদান করলেও তা ছিল সাধারণ দর্শকদের মতোই নিয়মের মধ্যে। কিন্তু নতুন এই কার্ড চালুর ফলে অধিনায়কদের জন্য তৈরি হচ্ছে আলাদা মর্যাদা ও সুবিধার একটি প্রতীকী ব্যবস্থা, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি ইতিবাচক সংযোজন হিসেবেই বিবেচিত হচ্ছে।
এই উদ্যোগের আওতায় থাকবেন দেশের সব সাবেক ও বর্তমান পুরুষ ও নারী দলের অধিনায়করা। যারা অন্তত একবারের জন্য হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ, এক ম্যাচের জন্য হলেও যেসব ক্রিকেটার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, তারাও এই সম্মাননার অন্তর্ভুক্ত হবেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই আয়োজনকে গুরুত্ব দিতে বোর্ড সভাপতি নিজেই অনেক অধিনায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
সব মিলিয়ে, দেশের ক্রিকেটে নেতৃত্বদানকারী খেলোয়াড়দের অবদানকে সম্মান জানাতে বিসিবির এই উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে ক্রিকেটারদের অনুপ্রাণিত করতেও ভূমিকা রাখবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















