আইসিসির মাসসেরার দৌড়ে আছেন মুশফিক ও তাইজুল । পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের এই সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক অবদান রাখেন তিনি। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে ২৫৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ৭১ রানের ইনিংস বাংলাদেশের লড়াইয়ের ভিত গড়ে দেয়। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস, যা সিরিজের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাট হাতে এই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জেতেন মুশফিক।
মুশফিকের পাশাপাশি মাসসেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন তিনি। দুই ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই স্পিনার। সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভার বল করে ১২০ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। বল হাতে অবদানের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ৫৮ রান করেন তাইজুল।
এদিকে নেপালের দীপেন্দ্র সিং আইরি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন। গত মাসে ছয়টি ওয়ানডেতে তিনি ৪৯.৮০ গড়ে ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে ২৪৯ রান করেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং আরও দুটি ফিফটি পান তিনি। বল হাতেও সমান কার্যকর ছিলেন এই অলরাউন্ডার। ছয় ম্যাচে ১৯.১২ গড়ে ৮ উইকেট নেন আইরি, আর তার ইকোনমি রেট ছিল ৪.৫২।
বাংলাদেশের দুই ক্রিকেটারের এই মনোনয়ন আবারও আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের ক্রিকেটের ইতিবাচক অবস্থানকে সামনে এনে দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











