ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইকে হারিয়ে চেন্নাই জয়ের ধারায় ফিরেছে। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ানসকে ১০৩ রানে পরাজিত করে। গত ম্যাচেই হেরে গিয়েছিল তারা, এবার সঞ্জু স্যামসনের অপরাজিত ১০১ রানে জয় পেল।
ঘরের মাঠে খেলতে নামা মুম্বাইকে হারিয়ে চেন্নাই জিতেছে আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ২০৭ রান করে। টস হেরে ব্যাটিংয়ে নেমে অবশ্য ৩২ রানেই রুতুরাজ গাইকোয়াড়ের উইকেট হারায় তারা। তিনি ১৪ বলে ৩টি চার, ১টি ছয়ে ২২ রান করেন।
স্যামসন কিছুটা ধীরস্থিরভাবে শুরু করেছিলেন। তবে দ্রুতই বিধ্বংসী হয়ে ওঠেন তিনি এবং ২৬ বলেই করেন ফিফটি। সরফরাজ খানের সঙ্গে (৮ বলে ১৪) দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন স্যামসন।
অন্য প্রান্তে আর কোনো উল্লেখযোগ্য বড় ইনিংস খেলেনি কেউ। তবে স্যামসন একাই মুম্বাই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে গেছেন। তিনি শেষ পর্যন্ত ৫৪ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। এটি তার স্বীকৃত টি-২০ ক্যারিয়ারের ৮ম শতক এবং চলতি আইপিএলে দ্বিতীয়।
ডিওয়াল্ড ব্রেভিস ১১ বলে ১টি চার, ২টি ছয়ে ২১ রান করেন। মুম্বাইয়ের আফগান স্পিনার মোহাম্মদ গজানফর চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া ২টি শিকার ঝুলিতে পোরেন অশ্বনী কুমার।
জবাব দিতে নেমে ১১ রানেই তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে মুম্বাই। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে সেই বিপদ সামাল দেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। কিন্তু ২৯ বলে ৫টি চারে তিলক ৩৭ রানে বিদায় নেওয়ার পর ধস নামে।
মুম্বাইকে হারিয়ে চেন্নাই ফিরল জয়ে
সূর্যকুমারও ৩০ বলে ৫টি চারে ২৫ রানে সাজঘরে ফেরেন। মাত্র ২০ রানে শেষ সাতটি উইকেট হারিয়ে ১৯ ওভারে মুম্বাই ১০৪ রানে গুটিয়ে যায়। তিলক ও সূর্যকুমার ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
মুম্বাইয়ের ইনিংসে মড়ক লাগিয়েছেন মূলত বাঁহাতি ক্যারিবিয় স্পিনার আকিল হুসেন। তিনি চার ওভারে এক মেডেনে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া ২৩ রানে ২টি উইকেট নেন আফগান স্পিনার নূর আহমেদ। গত ম্যাচ হারা চেন্নাই ফেরে জয়ে।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই- ২০৭/৬; ২০ ওভার (স্যামসন ১০১*, রুতুরাজ ২২, ব্রেভিস ২১, কার্তিক ১৮; গজানফর ২/২৫, অশ্বনী ২/৩৭)।
মুম্বাই- ১০৪/১০; ১৯ ওভার (তিলক ৩৭, সূর্যকুমার ৩৫; আকিল ৪/১৭, নূর ২/২৩)।
ফল : চেন্নাই সুপার কিংস ১০৩ রানে জয়ী।
ম্যাচসেরা : সঞ্জু স্যামসন।
