কোলম্যান ইস্যুতে জট কাটেনি , অপেক্ষায় বাফুফে । জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে আনতে বাফুফে আন্তরিক হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায়নি।
আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানান, কোলম্যানকে আনার বিষয়ে সরকার সহযোগিতায় প্রস্তুত। তবে কোলম্যানের এজেন্টের সঙ্গে এখনো বোঝাপড়া না হওয়ায় প্রক্রিয়াটি আটকে আছে।
ফুটবল অঙ্গনে কোচ চুক্তিতে এজেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুই বছরের জন্য কোলম্যানকে নিয়োগ দিতে চায়। কিন্তু এজেন্ট বড় অঙ্কের অর্থ দাবি করায় সেটি ফেডারেশনের জন্য জটিল হয়ে উঠেছে। এই আর্থিক শর্তই মূলত চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এজেন্টের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কোলম্যানকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, সে নিয়েও শঙ্কা রয়েছে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সময় খুব কম থাকায় দ্রুত কোচ নিয়োগ জরুরি।
তিনি আরও জানান, কোলম্যানের বিষয়ে ইতিবাচক থাকা হলেও কোনো কারণে তা না হলে তালিকায় থাকা পরবর্তী কোচের দিকে যেতে বলা হয়েছে।
এদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। কোচ ইস্যুতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও সমাধান না হওয়ায় সেটি আগামীকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















