বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের সমীকরণ মেলাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায়। হাই-ভোল্টেজ ম্যাচটি দুই দলের জন্যই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার অন্তিম লড়াই। বর্তমানে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে সমান ম্যাচে দুটি ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।
ঘুরে দাঁড়ানো স্পেন বনাম জয়ের খোঁজে উরুগুয়ে
টুর্নামেন্টের শুরুটা আশানুরূপ হয়নি স্পেনের। প্রথম ম্যাচে কেপ ভার্দের রক্ষণভাগ ভাঙতে না পেরে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফেরে স্প্যানিশরা; সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দেয়। ওই ম্যাচে জোড়া গোল করে স্পেনের জয়ের নায়ক ছিলেন মিকেল ওয়ারসাবাল, পাশাপাশি জালের দেখা পেয়েছিলেন উদীয়মান তারকা লামিনে ইয়ামালও।
আজ উরুগুয়ের বিপক্ষে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে পা রাখবে ‘লা রোহা’রা। ম্যাচটি ড্র হলেও তাদের পরের রাউন্ডে যাওয়ার পথ প্রায় পরিষ্কার, যদি না অন্য ম্যাচে কেপ ভার্দে সৌদি আরবকে ৫ বা তার বেশি গোলের বিশাল ব্যবধানে পরাজিত করতে পারে।
অন্যদিকে, উরুগুয়ের জন্য সমীকরণটি একটু কঠিন। প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ এবং দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের সাথে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লাতিন আমেরিকার দলটিকে। নকআউটের টিকিট নিরাপদে কাটতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ডারউইন নুনিয়েজদের। স্পেনকে হারাতে পারলে এবং অন্য ম্যাচের ফলাফল পক্ষে এলে উরুগুয়ের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকছে।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ও পরিসংখ্যান
ঐতিহাসিক পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম; দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থানে রয়েছে স্পেন। দুই দলের শেষ ১০টি আন্তর্জাতিক লড়াইয়ের রেকর্ড বলছে, ৫টি ম্যাচে জয় পেয়েছে স্পেন এবং বাকি ৫টি ম্যাচ অমীমাংসিত (ড্র) থেকেছে। অর্থাৎ উরুগুয়ের বিপক্ষে শেষ ১০ ম্যাচে অপরাজিত ইউরোপের এই পরাশক্তি।
২০১৩ সালের পর এই প্রথম দল দু’টি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে, যার মধ্যে শেষ তিনটি দেখাতেই শেষ হাসি হেসেছে স্প্যানিশরাই।
দুই শিবিরের চোট আঘাত ও সম্ভাব্য রণকৌশল
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে উরুগুয়ে শিবির। ইনজুরির কারণে দল এখনো পাচ্ছে না তারকা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং মিডফিল্ডার জর্জিয়ান দে আররাসকায়েতাকে। তবে আক্রমণভাগে প্রতিপক্ষ ডিফেন্সকে কাঁপিয়ে দিতে শুরু থেকেই প্রস্তুত থাকছেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ।
বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে স্পেন। সৌদি আরবের বিপক্ষে বিশ্রামে থাকা উইঙ্গার নিকো উইলিয়ামস ফিরছেন মূল একাদশে। আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা দানি ওলমোও শুরু থেকে থাকতে পারেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে রদ্রি ও পেদ্রির নির্ভরযোগ্য জুটির হাতে, আর গোল করার মূল দায়িত্ব সামলাবেন ফর্মে থাকা মিকেল ওয়ারসাবাল ও তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।
ম্যাচ সমীকরণ: স্পেনের লক্ষ্য যেখানে ড্র বা জয় দিয়ে শীর্ষস্থান ধরে রাখা, সেখানে উরুগুয়ের সামনে টিকে থাকার একমাত্র মন্ত্র ‘জয়’। ফক্সবোরোর মাঠে আজ কারা হাসবে শেষ হাসি, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















