ম্যাককালামের বিদায়ের পর অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিক

ইংল্যান্ড ক্রিকেটে অস্থিরতা যেন কাটছেই না। অ্যাশেজে ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে দল। এর মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস। সবশেষ চার বছর দায়িত্ব পালন করা প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলামকেও সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন দীর্ঘদিনের সহকারী কোচ ও ইংল্যান্ডের সাবেক ওপেনার মার্ক ট্রেসকোথিক। তবে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন জো রুট।

নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় ইসিবি শুরুতে অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই দৌড় থেকে সরে দাঁড়ান।

এরপর আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা চালিয়েছে ইসিবি। তবে তড়িঘড়ি করে কাউকে দায়িত্ব দিতে চায় না বোর্ড। পাকিস্তান সিরিজের পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করাই তাদের লক্ষ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পাকিস্তান সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রেসকোথিকেরই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন প্রায় নিশ্চিত।

এদিকে ইংলিশ কোচ নিয়োগের সিদ্ধান্ত হলে গ্ল্যামারগানের প্রধান কোচ রিচার্ড ডসনের নামও আলোচনায় রয়েছে। আর বিদেশি কোচের দিকে ঝুঁকলে ইসিবির পছন্দের তালিকায় আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্স এবং অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের কাজই হয়তো নির্ধারণ করে দেবে, ভবিষ্যতে দলটির নেতৃত্বে কে বসবেন।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles