দুই তারকা ছাড়াই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আগেই শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার দল ঘোষণা করল বাংলাদেশ। তবে প্রথম টেস্টের দলে যথারীতি নেই নাহিদ রানা, লিটন দাসরা। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

এই টেস্ট দিয়ে ওপেনিংয়ে দীর্ঘদিন পর  ফিরলেন সৌম্য। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। বাজে ফর্মে থাকায় জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকে। শেষ টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে।

জাকেরের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান। জিম্বাবুয়ে সফরে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার তার জায়গা ধরে রাখতে পেরেছেন। লম্বা ডানহাতি পেসার মুশফিক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জাতীয় দলের কাছাকাছি ছিলেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে জায়গা পান। কিন্তু অভিষেক হয়নি তার।

স্পিনার হিসেবে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। সাথে আছেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে স্কোয়াড। ৬ থেকে ৮ আগস্ট ডারউইনে ডিএক্সসি এরেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৩ আগস্ট ডারউইনেই হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ ২১ আগস্ট ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়।

বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles