মাত্র ২১১ রানের লক্ষ্য। চতুর্থ দিনের শুরুতে সেই লক্ষ্য ছুঁয়ে জয়ের আশা দেখছিল পাকিস্তান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সেই স্বপ্ন মুহূর্তেই ধুলিসাৎ হয়ে যায়। টারুবা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে ১২০ রানেই অলআউট হয়ে ৯০ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
দেশের বাইরে এটি পাকিস্তানের টানা অষ্টম টেস্ট পরাজয়। চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ইমাম-উল-হক, আজান আওয়াইস ও সালমান আগা দ্রুত বিদায় নিলে চাপে পড়ে পাকিস্তান। আঙুলের চোটে ভুগতে থাকা অধিনায়ক শান মাসুদও স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি; মাত্র ৩ রান করে ফিরে যান তিনি।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বাবর আজম। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকলেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। নবম উইকেটে মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে শতরান পার করান তিনি। তবে আব্বাস আউট হওয়ার পরই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেইডেন সিলস। দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নেন এই পেসার। কেমার রোচ, শামার জোসেফ ও জাস্টিন গ্রিভসও দারুণ বোলিং করে পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখেন পুরো সময়।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান সংগ্রহ করে। জবাবে শান মাসুদের সেঞ্চুরিতে পাকিস্তান তোলে ২৮২ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ১৮১ রানে অলআউট হলেও ২১১ রানের লক্ষ্যই শেষ পর্যন্ত পাকিস্তানের জন্য অতিক্রম্য হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ৯০ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
জয়ের স্বপ্ন ভেঙে পাকিস্তানের লজ্জার হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩১১/১০
পাকিস্তান প্রথম ইনিংস ২৮২/১০
ওয়েস্ট ইন্ডিজ ১৮১/১০
টার্গেট ২১০
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১২০/১০
ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানে জয়ী


